ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় শিক্ষিকাদের হেনস্তা, আটক ৪
কিশোরগঞ্জের করিমগঞ্জে একটি বিদ্যালয়ে ঢুকে ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় চার শিক্ষিকাকে হেনস্তার ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে চারজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল মঙ্গলবার রাতে কিশোরগঞ্জের করিমগঞ্জ ও ঢাকার গুলিস্তান এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
করিমগঞ্জের কাদিরজঙ্গল ইউনিয়নের জঙ্গলবাড়ী উচ্চবিদ্যালয়ের দুই ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে কয়েক তরুণ প্রায়ই উত্ত্যক্ত করতেন। তাঁরা মুঠোফোনে ছাত্রীদের ছবিও তুলতেন। গত রোববার বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষার সময় ওই তরুণেরা বিদ্যালয়ের ভেতরে ঢুকে ওই দুই ছাত্রীকে উত্ত্যক্ত করেন। এ দৃশ্য দেখে শিক্ষিকা শাহনাজ পারভীন, লাভলী রানী পাল, তানিয়া ছিদ্দিকী ও মুসাম্মৎ শাহনাজ পারভীন তাঁদের বিদ্যালয় থেকে বের হয়ে যেতে বলেন।
ছুটি শেষে চার শিক্ষিকা অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে উপজেলার দেওয়ানগঞ্জ বাজার-সংলগ্ন তালিয়াপাড়া এলাকায় পৌঁছালে ওই তরুণেরা অটোরিকশাটি থামান। পরে তাঁরা শিক্ষিকাদের শরীরে গোবর ও কাদামিশ্রিত ময়লা পানি ছুড়ে লাঞ্ছিত করেন।
এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় শিক্ষিকা শাহনাজ পারভীন তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করলে প্রতিবাদের ঝড় ওঠে।
এ ঘটনার প্রতিবাদে গত সোমবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা বন্ধ রেখে স্কুল প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে।