ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ১০ দিন পর মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। পাথরঘাটা সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের বাসিন্দা মো. হানিফার (৩০) বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। ঘটনার ১০ দিন পর গত সোমবার থানায় মামলা করা হয়েছে।
এ ব্যাপারে পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা সাইদুল ইসলাম গতকাল বুধবার দুপুরে বলেন, হানিফা যে ওই ঘটনায় জড়িত, তা তদন্তে সত্যতা পাওয়া গেছে। তবে সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওই ঘটনায় সালিস বৈঠক করার চেষ্টা করেছিলেন, তাই মামলা করতে তাঁদের বিলম্ব হয়েছে।
মেয়েটির বাবা অভিযোগ করে বলেন, ‘ঘটনার পরপরই থানায় গিয়েছিলাম। তবে চেয়ারম্যান সালিস বৈঠক করবেন বলে মামলা করতে নিষেধ করেন। তাই তখন মামলা করা হয়নি। আর ঘটনার এক সপ্তাহ পর গত শুক্রবার সালিস বৈঠকেও হানিফা উপস্থিত হননি। এভাবে হয়েছে শুধু কালক্ষেপণ।’
জানতে চাইলে চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বলেন, ‘এখানে কোনো বিলম্বের ব্যাপার নেই। কারণ ঘটনাটি ধর্ষণের চেষ্টা। ঘটনাটি সালিসের মাধ্যমে বিচারের চেষ্টা করেছিলাম। তবে হানিফা সালিস বৈঠকে উপস্থিত হননি। তাই ফয়সালা হয়নি।’
অভিযোগ প্রসঙ্গে হানিফার মুঠোফোনে দুই দিন ধরে ফোন করেও তাঁকে পাওয়া যায়নি।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৩ জুন বিকেলে মুঠোফোনে চার্জ দেওয়ার নাম করে ঘরে প্রবেশ করেন হানিফা। এ সময় মেয়েটি ঘরে একা ছিল। কিছু বুঝে ওঠার আগেই হানিফা মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করেন।