ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, প্রধান শিক্ষককে অপসারণের দাবি
লক্ষ্মীপুরের রায়পুরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। ওই শিক্ষক বিদ্যালয়ের এক ছাত্রীর ফেসবুক মেসেঞ্জারে অশালীন কথা লেখেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বেলা ১১টা থেকে দেড় ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনে শিক্ষার্থীরা ছাড়া শতাধিক অভিভাবকও অংশ নেন। এ সময় বক্তৃতা দেন প্রাক্তন শিক্ষার্থী হোসাইন মোহাম্মদ আনোয়ার হোসেন, হাছান আল মেহেদী, মো. মাসুদ ফাতেমা আক্তার, সাইফুল ইসলাম প্রমুখ। কর্মসূচিতে অংশগ্রহণকারী ব্যক্তিরা বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এক ছাত্রীকে অনেক দিন ধরে মেসেঞ্জারে অশালীন কথা লিখে খুদে বার্তা পাঠিয়ে আসছেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে অভিভাবক ও শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এর আগে তাঁরা বিদ্যালয় মাঠে মানববন্ধন করে ওই শিক্ষকের অপসারণ দাবি করেন।
ওই শিক্ষক বিদ্যালয়ের এক ছাত্রীর ফেসবুক মেসেঞ্জারে অশালীন কথা লেখেন বলে অভিযোগ পাওয়া গেছে।
তবে অভিযুক্ত শিক্ষক দাবি করেন, তাঁর ফেসবুক আইডি হ্যাক করে কেউ এই অশালীন কথাগুলো লিখেছে। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।
জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল হক প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীদের একটি অভিযোগ পেয়েছি। মানববন্ধনের বিষয়টিও জেনেছি। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেব। ঘটনাটি দুঃখজনক।’