ছাত্রীদের হলে বিধিনিষেধ জারির অভিযোগে প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হলে সম্প্রতি বিধিনিষেধ জারি করার প্রতিবাদ জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন ছাত্রসংগঠন। বিশ্ববিদ্যালয়ের জাহানারা ইমাম হলে ৭ ডিসেম্বর এ-সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি জারি করে প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নিয়মানুযায়ী রাত ১০টায় হলের ফটক বন্ধ হয়ে যাবে। এর পরে কোনো ছাত্রী হলে ঢুকতে পারবেন না বা হল থেকে বের হতে পারবেন না। বিভাগীয় কোনো কাজে রাত ১০টার পরে কোনো ছাত্রীকে বাইরে থাকতে হলে অন্তত এক দিন আগে সংশ্লিষ্ট বিভাগের সভাপতির সুপারিশসহ আবেদন করতে হবে। এ ছাড়া প্রত্যেক ছাত্রীকে পরিচয়পত্র বহন করতে হবে। অন্য একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, হলে কোনো ছাত্রীর উপস্থিতি ৭৫ শতাংশ না হলে তাঁর পরীক্ষার আবেদনপত্রে স্বাক্ষর করা হবে না।
এর প্রতিবাদে গত মঙ্গলবার রাতে জাহানারা ইমাম হলের ভেতরে ছাত্রীরা মিছিল ও সমাবেশ করেন। এরপর গতকাল বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠন সভা করে। সেখানে বিধিনিষেধ বাতিলের দাবি জানান শিক্ষার্থীরা। একই সঙ্গে এর প্রতিবাদে রাত নয়টায় বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলের ছাত্রীদের নিয়ে প্রতিবাদ মিছিল, সাড়ে নয়টায় হলের সামনে অবস্থান ও হলের উপস্থিতি বর্জনের ঘোষণা দেন তাঁরা।
এদিকে সন্ধ্যায় প্রগতিশীল জোটের ব্যানারে বিভিন্ন ছাত্রসংগঠনের সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক ফটক থেকে শুরু হয়ে সব ছাত্রী হল প্রদক্ষিণ করে পরিবহন চত্বরে এসে শেষ হয়। রাত ১০টার দিকে শিক্ষার্থীরা জাহানারা ইমাম হলের সামনে থেকে মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরে জাহানারা ইমাম হলের সামনে এসে শেষ হয়।
হলের আবাসিক শিক্ষার্থী ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম বলেন, ‘হলে প্রবেশের সময়সীমা, পরিচয়পত্র বহন, নিয়মিত উপস্থিতি—এ ধরনের বৈষম্যমূলক বিধিনিষেধ ছাত্রীদের ওপরই আরোপ করা হয়। এসব বাতিলের জন্য আমরা সম্মিলিতভাবে আন্দোলন করব।’
সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক নাসিম আখতার হোসাইন ও দর্শন বিভাগের শিক্ষক রায়হান রাইন বলেন, এ ধরনের সিদ্ধান্ত চরম বৈষম্যমূলক। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক নিয়ম থাকতে পারে না।
হলের প্রাধ্যক্ষ শ্যামল কুমার রায় বলেন, হলগুলোর প্রাধ্যক্ষ কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এ ধরনের সিদ্ধান্ত বৈষম্যমূলক কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আমার সিদ্ধান্ত না। বিশ্ববিদ্যালয়ের নিয়ম।’