ছাত্রীর বুদ্ধিমত্তায় ধরা খেলেন উত্ত্যক্তকারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্ত্যক্ত করা
প্রতীকী ছবি

স্কুলে আসা-যাওয়ার পথে এক ছাত্রীকে কদিন ধরে উত্ত্যক্ত করছিলেন ইজিবাইকচালক আবদুল কাদের (৩৩)। মেয়েটিকে ইজিবাইকে উঠতে বললে সে ওঠেনি। এ সময় অশোভন অঙ্গভঙ্গি করে মেয়েটিকে উত্ত্যক্ত করেন তিনি। দ্বিতীয় দিনও এমন উত্ত্যক্তের ঘটনা ঘটলে মেয়েটি পরিবারকে বিষয়টি জানায়। পরিবার থেকে তাকে বলা হয় বখাটেকে শায়েস্তা করতে।

পরিবারের এমন কথায় উৎসাহ পায় বাগেরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীটি। বখাটেকে ধরার কৌশল বের করে সে। পরিবারের সদস্য ও স্কুলের আশপাশে উপস্থিত অভিভাবকদের ডেকে সে বখাটে কাদেরকে ধরিয়ে দেয়। ওই ছাত্রী বলে, ‘আমরা রিকশা বা ইজিবাইকে করেই স্কুলে যাতায়াত করি। কিছু চালক আছেন, যাঁরা মেয়েদের দেখলে অশ্লীল অঙ্গভঙ্গি করেন এবং আজেবাজে কথা বলেন। এক চালক কয়েক দিন ধরে আমাকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিলেন। পরিবার থেকে উৎসাহ পেয়ে আমি চালককে ধরার বুদ্ধি করি। ভ্রাম্যমাণ আদালত চালককে শাস্তি দেওয়ায় আমি খুশি। আমি চাই না আর কোনো সহপাঠী উত্ত্যক্তের শিকার হোক।’

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চিত্তরঞ্জন পাল বলেন, আজ রোববার সকালে স্কুলে যাওয়ার পথে শহরের আমলাপাড়া এলাকায় উত্ত্যক্তকারী ওই চালককে দেখতে পায় ছাত্রীটি। এরপর পরিবার ও স্থানীয় কয়েকজনের সহযোগিতা নিয়ে সে তাঁকে ধরে স্কুলে নিয়ে আসে। পরে বিষয়টি প্রশাসনকে জানালে তারা চালককে দণ্ড দেয়।
ইজিবাইকচালক আবদুল কাদেরের বাড়ি বাগেরহাট সদর উপজেলার কাশিমপুর গ্রামে। উত্ত্যক্তের দায়ে কাদেরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মুছাব্বেরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কাদেরকে দণ্ড দেন। তিনি বলেন, ইজিবাইকচালক আবদুল কাদের সবার উপস্থিতিতে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নেন। এ কারণে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে তাঁকে পুলিশের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

প্রধান শিক্ষক চিত্তরঞ্জন পাল বলেন, এ ঘটনার পর ভবিষ্যতে এখানকার রাস্তায় দাঁড়িয়ে আর কোনো মেয়েকে কেউ উত্ত্যক্ত করার সাহস করবে না। অন্যায়কে এভাবেই রুখে দিতে হয়। মেয়েটির সাহসী এই পদক্ষেপ দৃষ্টান্ত হয়ে থাকবে।
বাগেরহাট অভিভাবক ফোরামের সভাপতি আহাদ উদ্দিন হায়দার বলেন, মেয়েটি যে সাহসী ভূমিকা রেখেছে, তা উত্ত্যক্তকারীদের জন্য সতর্কসংকেত। স্কুলে আসা-যাওয়ার পথে মেয়েদের কেউ বিরক্ত করলে তারা যেন সঙ্গে সঙ্গে অভিভাবক বা স্কুল কর্তৃপক্ষকে জানায়। তাহলে কেউ আর উত্ত্যক্ত করার সাহস দেখাবে না।