ছাদ থেকে পড়ে আইনজীবী সমিতির সহসভাপতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া আইনজীবি সমিতির সহসভাপতি মোখলেছুর রহমান
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণাধীন বাড়ির ছাদ থেকে ময়লা ফেলতে গিয়ে রেলিং ভেঙে নিচে পড়ে মোখলেছুর রহমান (৫৯) নামের এক আইনজীবীর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা তিনটার দিকে জেলা শহরের মেড্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির প্রতিবেশী আইনজীবী আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সহসভাপতি ছিলেন। তিনি সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের তারাখলা গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে। তাঁর দুই ছেলে ও একজন মেয়ে রয়েছে। তিনতলার নির্মাণাধীন ওই বাড়ির ছাদ দুর্বল থাকায় সেটি ভেঙে নিচে পড়ে মারা যান মোখলেছুর।

মোখলেছুর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সহসভাপতি ছিলেন। জেলা শহরের মেড্ডা এলাকায় তাঁর তিনতলাবিশিষ্ট একটি বাড়ির নির্মাণকাজ চলছিল।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, জেলা শহরের মেড্ডা এলাকায় মোখলেছুর রহমানের তিনতলাবিশিষ্ট একটি বাড়ির নির্মাণকাজ চলছিল। আজ বেলা তিনটার দিকে তিনি নির্মাণাধীন বাড়ির তিনতলার ছাদে ওঠেন। এ সময় তিনি সঙ্গে তাঁর এক সন্তানকে ছাদের ওপর নিয়ে যান। ছাদের ওপরে জমে থাকা ময়লা পরিষ্কার করতে শুরু করেন।

পরে ছাদের ওপর থেকে রেলিং ধরে ময়লা নিচে ফেলতে যান তিনি। এ সময় ছাদের রেলিং ভেঙে তিনি নিচে পড়ে যান। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ এমরানুল ইসলাম জানান, বাড়ির ছাদ থেকে পড়ে আইনজীবীর মৃত্যুর খবর বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন। তবে এ বিষয়ে কেউ থানায় কোনো অভিযোগ করেনি।