ছাড়া পাওয়ার পর আবার কারাফটক থেকে আটক
জামিনে ছাড়া পাওয়ার পর কারাফটক থেকে আবারও আটক করা হয়েছে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক এনামুল কবিরকে। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটকের সামনে থেকে আটক করে কোতোয়ালি থানার পুলিশ।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ জাহেদুল আলম জানান, জামিননামা পাওয়ার পর যাচাই-বাছাই করে আর কোনো মামলা না থাকায় এনামুল কবিরকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়।
কারাফটক থেকে এনামুলকে আটকের কথা স্বীকার করেন কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন। রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারে হামলার পরিকল্পনা করার অভিযোগে এনামুল কবিরকে তখন গ্রেপ্তার করা হয়েছিল।
গত বছরের ২০ ফেব্রুয়ারি নগরের বাকলিয়া এলাকা থেকে এনামুলকে গ্রেপ্তার করা হয়। তিনি একই বছরের ২২ জুলাই কারাগার থেকে ছাড়া পান। তখন তাঁকে কারাফটক থেকে গ্রেপ্তার করা হয়। এরপর ১০ ডিসেম্বর কারাগার থেকে ছাড়া পান তিনি। তখনো তাঁকে কারাফটক থেকে আটক করে পুলিশ।