ছিটমহলে তৎপর দালালেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাটগ্রামের ভোটবাড়ী ছিটমহলের মো. তোজাম্মেল হোসেনের ছেলে আলাউদ্দিন কাজের সন্ধানে মালয়েশিয়ায় যাবেন। অনেকেই যাচ্ছেন। কিন্তু সমস্যা হলো পাসপোর্ট। ছিটের বাসিন্দা হওয়ায় তাঁর ভারত বা বাংলাদেশ কোনো দেশেরই নাগরিকত্ব নেই। কাজেই পাসপোর্ট পাওয়ার আইনগত সুযোগও নেই। তবে বিকল্প উপায়ে দালাল ধরে পাসপোর্ট পেয়েছেন, পাটগ্রামে যাদের পরিচিতি ‘দেওয়ানি’ নামে।

গত বৃহস্পতিবার তোজাম্মেল জানালেন, গত বছর ‘দেওয়ানি’ ধরে ছেলের পাসপোর্ট করিয়েছেন। খরচ হয়েছে প্রায় সাড়ে ১৫ হাজার টাকা। এখন বিদেশ যাত্রার চেষ্টা-তদবির চলছে। সে-ও ওই ‘দেওয়ানি’র মাধ্যমেই।
সপ্তাহ খানেক কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার পাটগ্রামে ভারতীয় ছিটমহলগুলোতে ঘুরে দেখা গেল, প্রতি পদেই যেন দালালের খপ্পর। বিশেষত শিক্ষাবঞ্চিত নিম্ন আয়ের লোকেরা অনেকটা নিরুপায় হয়ে তাদের খপ্পরে পড়ছে। পাটগ্রামের বড় খেঙ্গির ছিটের মো. সামিউল আক্ষেপ করে বলছিলেন, ‘চলার জন্য দেওয়ানি ছাড়া উপায় নাই।’

সরকারি হাসপাতালে ছিটের ঠিকানায় ভর্তি নেয় না। তাই চিকিৎসার জন্য দালাল ধরতে হয়। হাসপাতালেই দালালেরা সদা প্রস্তুত থাকে। ছিটের লোকদের তারা ভালো করেই চেনে। অবশ্য ‘দালালের খরচ’ যে খুব বেশি হয় তা নয়

ছিটমহলবাসীর প্রধান দুটি প্রয়োজন ছেলেমেয়েদের শিক্ষা ও চিকিৎসার ক্ষেত্রে দালালদের খপ্পরে পড়তে হয় বেশি। কোনো ছিটমহলেই শিক্ষাপ্রতিষ্ঠান নেই। একসময় ছিটের ছেলেমেয়েদের ছিটের বাইরের স্কুলে ভর্তি করানো বেশ কঠিন ছিল। বছর পাঁচেক হলো মানবিক কারণে ছিটের ছেলেমেয়েদের পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানো হচ্ছে। তবে তাদের জন্মনিবন্ধন সনদের জন্য নিম্ন আয়ের নিরক্ষর অভিভাবকদের দালাল ধরতে হয় বলে জানিয়েছেন কুড়িগ্রামের দাশিয়ার ছড়ার আবদুস সালাম। নিজেরা আনতে গেলে অনেক ঘোরাঘুরি করতে হয়। ইউনিয়ন পরিষদ অফিস থেকে বলা হয়, ‘তোমরা ছিটের মানুষ। তোমরা লেখাপড়া করি কী করবেন।’ তাই সহজ পদ্ধতি দালাল ধরেন তাঁরা। পাটগ্রামের ছিটে মেয়েদের শিক্ষার সুযোগ খুবই কম বলে জানালেন ছিটবাসীর নেতা ছিটমহল ইউনাইটেড কাউন্সিলের সভাপতি গোলাম মতিন। তিনি বলেন, অনেক বড় বড় মেয়ে নিজের নামও লিখতে পারে না। আরেকটি সমস্যা হয় গুরুতর অসুখ-বিসুখ, প্রসবের জটিলতা হলে। সরকারি হাসপাতালে ছিটের ঠিকানায় ভর্তি নেয় না। তাই চিকিৎসার জন্য দালাল ধরতে হয়। হাসপাতালেই দালালেরা সদা প্রস্তুত থাকে। ছিটের লোকদের তারা ভালো করেই চেনে। অবশ্য ‘দালালের খরচ’ যে খুব বেশি হয় তা নয়। ভুক্তভোগীরা জানালেন, সাধারণত কুড়ি-পঞ্চাশেই হয়ে যায়। কুড়িগ্রামের ছিটগুলোতেই এই শ্রেণির দালালদের তৎপরতা বেশি।
ছিটমহল হস্তান্তরের প্রক্রিয়া শুরু হওয়ায় আরেক শ্রেণির নতুন দালাল ও ধাপ্পাবাজের আবির্ভাব ঘটেছে ছিটগুলোতে। ছিটবাসী অনেকেই বাবা-দাদার কাল থেকে জমি ভোগদখল করে এলেও তাঁদের কাছে জমির দলিল নেই। দালালেরা তাঁদের কাছে আসছে ছিট হস্তান্তরের পর যে নতুন ভূমি জরিপ ও রেকর্ড হবে, তখন দলিল করে দেওয়ার প্রস্তাব নিয়ে। পাটগ্রামে এটি অনেকটা আগাম ‘বুকিং’ দেওয়ার মতো। পাটগ্রামের পানিশালার বৃদ্ধ করমত উল্লা জানালেন, তাঁর জমি দেড় একর। বাংলাদেশ স্বাধীনের পরপরই বাড়িতে ডাকাতি হয়েছিল। মালামালের সঙ্গে দলিলপত্রও গেছে। দালালেরা তাঁদের ছিটে আনাগোনা করছে জমির কাগজপত্র করে দেওয়ার প্রস্তাব নিয়ে।
আরেক শ্রেণির দালাল ছিটে ঘুরছে শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন, এমপিও—এসব এনে দেওয়ার প্রস্তাব, পরামর্শ নিয়ে। এদের তৎপরতা বেশি দাশিয়ার ছড়া ও ভূরুঙ্গামারীর ছিটে। কুড়িগ্রামের এই ছিটগুলোতে শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের জন্য সাইনবোর্ড তোলার হিড়িক পড়েছে। সেই সুযোগে বেড়েছে এসব শিক্ষাপ্রতিষ্ঠান অনুমোদন করিয়ে দিতে দালালদের তৎপরতা। তবে তারা খুব সুবিধা করতে পারছে না বলে জানালেন ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির দাশিয়ার ছড়ার যুগ্ম সম্পাদক নূর ইসলাম। তিনি প্রথম আলোকে জানান, অনেকেই এসে বলছে তাদের ওপর মহলে ভালো যোগাযোগ আছে। সচিবালয়, শিক্ষা বিভাগের বড় কর্মকর্তা, মন্ত্রী, সাংসদ এমন অনেকের সঙ্গে আত্মীয়তা আছে। তাঁদের মাধ্যমে অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানের অনুমোদনের কাগজপত্র এনে দেবে। ব্যক্তিগতভাবেও দালালেরা অনেকের কাছে যাচ্ছে চাকরি দেওয়ার প্রস্তাব নিয়ে। তবে ছিটের মানুষ এখন অনেক সচেতন। আর এখন তো নাগরিকত্ব পাওয়া যাবে। দালালেরা এখন আর সুবিধা করতে পারবে না।
একশ্রেণির ধাপ্পাবাজেরও আবির্ভাব ঘটেছে ছিটে। তারা আসছে জমির খাজনা আদায় করতে। পাটগ্রামের ছিটগুলোতে এই ধাপ্পাবাজেরা তৎপর। ছিটবাসীর নেতা গোলাম মতিন প্রথম আলোকে জানান, গত ১ জানুয়ারি নিজেদের ইউনিয়ন পরিষদের খাজনা আদায়কারী পরিচয় দিয়ে একদল লোক বড় খেঙ্গির ছিটের বাড়ি বাড়ি গিয়ে বকেয়া খাজনা দাবি করে। লোকজন তা দিতে অস্বীকার করলে তারা জোরজবরদস্তি করে বলেছে, খাজনা দিতেই হবে। খবর পেয়ে তিনি ওই খাজনা আদায়কারীদের কাছে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে বিষয়টি জেনে নেওয়ার কথা বলে ফোন করার উদ্যোগ নিতেই ধাপ্পাবাজেরা ভেগে যায়।
এ বিষয়ে বৃহস্পতিবার পাটগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ছিটমহল এখনো হস্তান্তর সম্পন্ন হয়নি। কাজেই খাজনা আদায় করার প্রশ্নই আসে না। এই ধাপ্পাবাজদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
দালালদের ব্যাপারে সতর্ক থাকতে জেলা পুলিশ প্রশাসন থেকেও ছিটমহলগুলোতে মাইকে প্রচার চালানো হয়েছে। লালমনিরহাটের পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে অভিযোগ এসেছে, কিছু লোক ছিটমহলবাসীদের প্রলোভন দেখাচ্ছে। আমি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে জেলার প্রতিটি ছিটমহলে এই দালাল-দেওয়ানিদের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য একাধিকবার মাইকে প্রচার চালানোর ব্যবস্থা করেছি। দালালদের তৎপরতা বন্ধের ব্যাপারে থানায় নির্দেশ দেওয়া হয়েছে।’