ছিন্নমূল মানুষের ১৫ লাখ টাকা আত্মসাত, নারী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপরাধ
প্রতীকী ছবি

বিভিন্ন সুযোগ–সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে চট্টগ্রামের ভিক্ষুক, প্রতিবন্ধী, ছিন্নমূল মানুষের কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা সংগ্রহ করে আত্মসাতের অভিযোগে আটক করা হয়েছে এক নারীকে। পুলিশ বলছে, আটক ওই নারীর প্রতারণার শিকার হয়েছেন প্রায় ১৪ হাজার ছিন্নমূল মানুষ।

আটক হওয়া ওই নারীর নাম জান্নাতুল নাঈমা (৩৩)। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম নগরের হামজারবাগের বাসা থেকে তাঁকে আটক করে পাঁচলাইশ থানার পুলিশ। এর আগে প্রতারিত কয়েক শ ছিন্নমূল ব্যক্তি নাঈমার বাড়ি ঘেরাও করেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর প্রথম আলোকে বলেন, জান্নাতুল নাঈমা নিজেকে সেভ অ্যাজ ইওর আর্ন (এসএওয়াইএ) নামের একটি বেসরকারি সংস্থার প্রধান হিসেবে পরিচয় দিতেন। যদিও এই নামে কোনো সংস্থার অনুমোদন নেই।

জান্নাতুল নাঈমার বিরুদ্ধে অভিযোগ, তিনি ভিক্ষুক, প্রতিবন্ধী, ছিন্নমূল মানুষের কাছ থেকে ২০০ টাকা করে সংগ্রহ করতেন। ছয় মাস ধরে এভাবে তিনি ১৪ হাজার ছিন্নমূল মানুষের কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকার মতো সংগ্রহ করেছেন। বিনিময়ে ছিন্নমূল মানুষদের অনুদানসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিতেন তিনি।

এই বিষয়ে জাহিদুল কবীর আরও বলেন, জান্নাতুল নাঈমাকে যারা টাকা দিয়েছেন, তারা এখন পর্যন্ত কোনো সুবিধা পাননি। এতে প্রতারিত লোকজন সোমবার বিকেলে তাঁর বাড়ি ঘেরাও করেন। পরে পুলিশ গিয়ে অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করে নিয়ে আসে। প্রতারণার ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।