সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক সাত মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। দুবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি তার কোনো জবাব দেননি। এতে ওই বিদ্যালয়ের প্রাক্-প্রাথমিক পর্যায়ে পাঠদান ব্যাহত হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়, সংশ্লিষ্ট বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার খালিসাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারজন শিক্ষক রয়েছেন। এর মধ্যে প্রাক্-প্রাথমিক পর্যায়ে সহকারী শিক্ষক পদে আছিয়া খাতুন চলতি বছরের ২৬ জানুয়ারি যোগদান করেন। যোগদানের পর এক দিন বিদ্যালয়ে আসেন তিনি। এরপর আর বিদ্যালয়ে আসেননি। এমনকি তিনি প্রধান শিক্ষক ও কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদনও করেননি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদ আলম অভিযোগ করে বলেন, ‘ওই শিক্ষক যোগদানের পর থেকেই বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত। আমি দুই মাস আগে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। কিন্তু এখনো এ সমস্যার সমাধান হয়নি।’ তিনি দাবি করেন, ওই শিক্ষকের সঙ্গে মুঠোফোনে একাধিকবার কথা বললেও তিনি বিদ্যালয়ে আসবেন বলে আজ-কাল করে করে সময় অতিবাহিত করেছেন। তিনি অনুপস্থিত থাকায় ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে।
প্রধান শিক্ষক আরও বলেন, আছিয়া খাতুনকে শিশু শ্রেণির শিক্ষার্থীদের পাঠদানের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি অনুপস্থিত থাকায় জোড়াতালি দিয়ে শিশু শ্রেণির পাঠদান কার্যক্রম চালানো হচ্ছে। এতে পাঠদান ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে সহকারী শিক্ষক আছিয়া খাতুনের সঙ্গে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, ‘আমি এখন ব্যস্ত আছি। এ নিয়ে পরে আপনার সঙ্গে কথা বলব।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন বলেন, ‘আছিয়া খাতুন দীর্ঘদিন ধরে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ নিয়ে তাঁকে দুবার শোকজ করা হলেও তাঁর কাছ থেকে কোনো জবাব পাইনি। এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চলতি বছরের আগস্ট মাসের প্রথম সপ্তাহে প্রতিবেদন পাঠানো হয়েছে।’
সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হযরত আলী গত সোমবার প্রথম আলোকে বলেন, ‘এ-সংক্রান্ত একটি প্রতিবেদন আমি পেয়েছি। ওই সহকারী শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’