ছুটি নিতে এসে জীবন থেকেই ছুটি হয়ে গেল আনসার সদস্যের
আনসার সদস্য ইউনুস আলী (৪৬) ছুটি নেওয়ার জন্য খুলনার রূপসা উপজেলার ইলাইপুর আনসার ক্যাম্পে যাচ্ছিলেন। চাকরি থেকে ছুটি নেওয়ার আগেই তিনি জীবন থেকে ছুটি পেয়ে যান।
আজ সোমবার সকালে ক্যাম্পটির সামনের সড়কে যাত্রীবাহী বাসের চাপায় তিনি মারা গেছেন। নিহত ইউনুস আলীর বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কাছারিপাড়া গ্রামে।
রূপসা থানা–পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ইউনুস আলী রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র এলাকার একটি আনসার ক্যাম্পে কর্মরত ছিলেন। তিনি ছুটি নেওয়ার জন্য ইলাইপুর আনসার ক্যাম্পে আসছিলেন। আজ সকাল সাড়ে নয়টার দিকে রূপসার ইলাইপুর আনসার ক্যাম্পের সামনে বাস থেকে নেমে সড়কে দাঁড়ান। খুলনা থেকে মোংলার দিকে দুটি বাস পাল্লা দিয়ে যাওয়ার সময় একটি বাস তাঁকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।