ছুটি শেষে বিদ্যালয় না খোলায় ভোলায় ১১ শিক্ষককে কারণ দর্শাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা জেলার মানচিত্র

বিদ্যালয় খোলার দিনে বন্ধ রাখার অভিযোগে ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের তিন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিদ্যালয় তিনটিতে ১১ জন শিক্ষক আছেন। এসব বিদ্যালয়ের শিক্ষকেরা প্রায়ই অনুপস্থিত থাকেন বলে অভিযোগ স্থানীয় লোকজনের।

দৌলতখান উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হোসেন বলেন, ১১ অক্টোবর থেকে ১০ দিন (১১ থেকে ২০ অক্টোবর) পূজা ও ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটি ছিল। গত বৃহস্পতিবার ছিল বিদ্যালয় খোলার দিন। কিন্তু অভিযোগ আছে, ওই দিন মদনপুর ইউনিয়নের চরপদ্মা মকবুল আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরপদ্মা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চরটবগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা অনুপস্থিত ছিলেন। বিদ্যালয়ের দরজা-জানালা খোলা হয়নি। এ কারণে বিদ্যালয়ের শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। যথাযথ উত্তর না দিতে পারলে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে চরটবগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুছা কালিমুল্লাহ বলেন, ‘আমি জরুরি কাজে বিদ্যালয়ের কাগজপত্র নিয়ে দৌলতখান উপজেলা শিক্ষা কার্যালয়ে গিয়েছিলাম। বাকি দুজন শিক্ষক বিদ্যালয়ে গিয়েছিলেন। জোয়ারের উচ্চতা (পানি) বেশি দেখে তাড়াতাড়ি ছুটি দিয়েছেন।’

চরপদ্মা মকবুল আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিহাবউদ্দিন বলেন, তিনি বিদ্যালয় খোলা রেখেছিলেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক হাসনা বেগম। এ বিদ্যালয়ে চারজন শিক্ষক। সহকারী শিক্ষক রুনা বেগম ও শাহিনা আক্তার কেন বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন, তা তিনি বলতে পারবেন না। বিদ্যালয় প্রধানের কাছ থেকে ছুটি না নিয়েই তিনি অনুপস্থিত ছিলেন।

ইউনিয়নের চরপদ্মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহিনসহ চার শিক্ষকের কেউই বৃহস্পতিবার উপস্থিত ছিলেন না। বন্ধ ছিল বিদ্যালয়। জানতে চাইলে মো. শাহিন বলেন, তাঁরা ১২ অক্টোবর বন্ধের দিন ক্লাস খোলা রেখেছিলেন, এ কারণে ২১ অক্টোবর বিদ্যালয় বন্ধ রাখেন।

ভোলা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার বলেন, প্রধান শিক্ষক নিজের ইচ্ছেমতো বিদ্যালয় খোলা ও বন্ধ রাখতে পারেন না।