ছুটিতে নিজস্ব নিরাপত্তা জোরদার করতে এসপির চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে ঈদ ও পূজার ছুটিতে ব্যাংক, বিমাসহ আর্থিক প্রতিষ্ঠানে নিজস্ব নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে পুলিশ সুপারের (এসপি) পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। শহরের ব্যাংক, বিমাসহ আর্থিক প্রতিষ্ঠানের ৩১টি শাখার ব্যবস্থাপকের কাছে গতকাল মঙ্গলবার এ চিঠি পাঠানো হয়।

এসপি আনিছুর রহমানের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, ‘ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানে অন্যান্য সময়ের তুলনায় ঈদ ও পূজায় বেশি মানুষের সমাগম ও আর্থিক লেনদেন হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার স্বার্থে আপনার নিয়ন্ত্রণাধীন যশোর জেলার সব ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে হবে। ঈদ ও পূজায় বেশ কয়েক দিন ছুটি থাকবে, তাই নিজস্ব ব্যবস্থাপনায় নিরাপত্তাকর্মী নিয়োগ ও ব্যাংকের একজন কর্মকর্তাকে তদারকির দায়িত্ব দিতে হবে। নিরাপত্তাকর্মীর নাম, পরিচয় ও মোবাইল ফোন নম্বর সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে সরবরাহ করার জন্য অনুরোধ করা হলো।’

যশোর পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ সুপার রেশমা শারমীন প্রথম আলোকে বলেন, এবার ঈদ ও পূজার ছুটি একই সঙ্গে পড়ছে। এ সময় ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো যাতে অরক্ষিত না থাকে, সে জন্য নিজস্ব নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে এমন প্রতিষ্ঠানের ৩১টি শাখায় চিঠি দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে উত্তরা ব্যাংক লিমিটেডের যশোর শাখার ব্যবস্থাপক শাহ মোয়াজ্জেম হোসাইন বলেন, ‘প্রতিটি ঈদ-পূজার ছুটিতে ব্যাংকের নিরাপত্তা ঠিক রাখার জন্যে চারজন করে আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়। তাদের তদারকির জন্য শহরে থাকেন এমন দুজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়। এবারও সেটি করা হবে। অন্যবার বিষয়টি পুলিশকে অবহিত করা হতো না। এবার সেটি করা হবে। গত মঙ্গলবার পুলিশ প্রশাসনের এ-সংক্রান্ত চিঠি পেয়েছি।’