ছুটির ঘণ্টা বাজতেই খুলল গল্পের ফুলঝুরি

দীর্ঘ আঠারো মাস পরে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান। গতকাল সকালে গাজীপুরের টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ থেকে তোলা
ছবি: আল-আমিন

বিদ্যালয় ভবনের বারান্দায় বাজল ছুটির ঘণ্টা। ক্লাস ছেড়ে যাওয়ার প্রস্তুতি শ্রেণিশিক্ষকের। গোছাচ্ছেন চক, ডাস্টার, হাজিরা খাতা। কিন্তু শিক্ষার্থীদের তর সইল না। দীর্ঘ ১৮ মাসের বিরতির পর যেন রাজ্যের অতৃপ্তি চোখেমুখে। কিছুক্ষণের মধ্যেই চলে গেলেন শিক্ষক। আর কে আটকায় তাদের? এক দৌড়ে বিদ্যালয় মাঠে। সবুজ ঘাসে বসে গল্প, আড্ডা, খুনসুটি। তবে সবার মুখেই মাস্ক।

রোববার গাজীপুরের টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে দেখা গেল এমন দৃশ্য। গল্প করতে করতে ব্যাগে লুকিয়ে আনা মুঠোফোনে ছবি-সেলফি তোলায় ব্যস্ত ছিল কেউ কেউ। সেখানেই পাওয়া গেল দ্বাদশ শ্রেণির ছাত্রী রুবাইয়া আক্তারকে। বলছিল, ‘করোনাভাইরাস আমাদের অনেক কষ্ট দিছে। দীর্ঘদিন আমরা ক্লাসের বাইরে। স্কুল খোলায় আমরা একসঙ্গে হতে পারছি, এটাই আনন্দের। তাই দিনটাকে স্মরণীয় রাখতে ছবি তুলছি।’

কথা বলতে বলতেই কাছে এসে দাঁড়াল একই শ্রেণির ব্যবসায় বিভাগের শিক্ষার্থী সরস্বতী চক্রবর্তী, রিমি আক্তার ও সানজিদা ইসলাম। সানজিদার ভাষ্য, ‘এই আনন্দ আনন্দ না। আসল আনন্দ হবে সেদিন, যেদিন পৃথিবী থেকে করোনা উঠে যাবে, আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরব।’

কিছু সময়ের জন্য বাংলা চলচ্চিত্র ‘ওপেন টি বায়োস্কোপ’ ছবিতে অনুপম রায়ের গাওয়া ‘বন্ধু চল’ গানটির আবহ তৈরি হয়েছিল যেন পুরো বিদ্যালয়ে। মাঠ পেরিয়ে স্কুলের বারান্দা, শ্রেণিকক্ষ, মূল ফটকের সামনে বসার জায়গাসহ আনাচকানাচে ছিল শিক্ষার্থীদের ছোট ছোট জটলা। সেখানে গল্প-আড্ডায় তারা বারবার চলে যাচ্ছিল স্কুলজীবনের আগের আনন্দময় দিনগুলোতে। তাদের দেখা–সাক্ষাতের সময় কানে ভেসে আসছিল ‘বন্ধু কী খবর? আহ! কত দিন পর দেখা’, ‘তোকে অনেক মিস করেছি রে’ নানান কথা।

করোনাভাইরাসের সংক্রমণের ভয় বাদ সেধেছে শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাসে। স্কুল প্রাঙ্গণে পা দিতেই মুখে রাখতে হয়েছে মাস্ক। মূল ফটকে তাপমাত্রা পরিমাপ যন্ত্রের মুখোমুখি। বেসিনে সাবান–পানি দিয়ে হাত ধোয়া বা প্রতিটি শ্রেণিকক্ষে সচেতনতা নিয়ে শিক্ষকদের কঠোরতায় বেশ বেগ পোহাতে হয়েছে তাদের। তারপরও আনন্দ বা উচ্ছ্বাসের কমতি ছিল না।

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মাহমুদা আক্তার মুক্তা বলে, ‘এবারের দেখা বা ক্লাস আগের মতো না। আমরা মাস্কের কারণে কেউ কারও চেহারাটা দেখতি পারছি না। কিন্তু তারপরও আমাদের মনে আনন্দ কমছে না। স্কুলে আসতে পারছি, এটাই বড় ব্যাপার।’

স্কুলটিতে ঘুরতে ঘুরতে ঘড়িতে সময় পৌনে ১২টা। এবার কানে ভেসে আসে স্কুল দপ্তরির বাঁশির শব্দ। বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের দ্রুত স্কুল ত্যাগ করার জন্য তাড়া দিচ্ছেন তিনি। দীর্ঘদিন পর দেখা, শিক্ষার্থীরা এখনই যেতে চাচ্ছে না, তারপরও শিক্ষক-দপ্তরির কড়াকড়িতে স্কুল ছেড়ে বাড়ির দিকে পা বাড়াতে হচ্ছে তাদের। সেখানেও একে অপরকে উদ্দেশ করে বলছে, ‘বন্ধু, ভালো থাকিস’, ‘কাল আবার দেখা’ ইত্যাদি কথাবার্তা।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. আলাউদ্দিন বলেন, ‘দীর্ঘদিন পর স্কুলে ফিরে শিক্ষার্থীরা খুব আনন্দিত। আমাদেরও খুব ভালো লাগছে। কিন্তু সরকারি নির্দেশনা মানতে আমাদের কঠোর হতে হচ্ছে। ক্লাস শেষে বেশিক্ষণ স্কুলে থাকতে দিচ্ছি না। তা ছাড়া স্বাস্থ্যবিধি মানার দিকটাতেও আমাদের কঠোর অবস্থানে থাকতে হচ্ছে।’