ছুটির দিনে জমজমাট কেনাকাটা
শুক্রবার, ছুটির দিন। বিকেল থেকেই ছোটাছুটি শুরু মানুষের। সবারই গন্তব্য যেন বিপণিকেন্দ্র। তাই চট্টগ্রাম নগরের প্রধান প্রধান সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
চট্টগ্রাম নগরের চকবাজার, আন্দরকিল্লা, টেরিবাজার, নিউমার্কেট, ষোলশহর, মুরাদপুর, সিডিএ অ্যাভিনিউ, জিইসি মোড়, লালখান বাজার, আগ্রাবাদ, হালিশহর পাঁচলাইশ প্রবর্তক মোড়, পূর্ব নাসিরাবাদ, কাজীর দেউড়ি প্রভৃতি এলাকায় এ ধরনের যানজট চোখে পড়ে।
গতকাল বিকেল থেকেই যানবাহনের চাপ ছিল সড়কগুলোতে। কাজীর দেউড়ি এলাকায় যানজটে আটকা পড়েন বেসরকারি ব্যাংকের কর্মকর্তা আনিস আহমেদ। স্ত্রী, ছেলেমেয়ে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় বিপণিকেন্দ্রের দিকে রওনা হয়েছেন তিনি। কিন্তু দীর্ঘক্ষণ যানজটে আটকা পড়ে বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা আগ্রাবাদের একটি বিপণিকেন্দ্রে যাব। বিকেল সাড়ে তিনটায় বেরিয়েছি বাসা থেকে। এখন বাজে প্রায় চারটা। তাহলে ভাবুন কয়টায় মার্কেটে যাব, কেনাকাটা সেরে বাসায় ফিরব। ইচ্ছে ছিল ইফতারের আগে বাসায় ফেরার। কিন্তু এখন মনে হচ্ছে তা আর সম্ভব হবে না।’
প্রবর্তক মোড় এলাকায় দীর্ঘ যানজট দেখে মাঝপথেই রিকশা ছেড়ে দেন স্কুলশিক্ষক মাহমুদ হাসান। তিনি বলেন, ‘রাস্তায় বসে থাকার কোনো মানে নেই। তাই রিকশা বিদায় করে ছেলেকে নিয়ে হেঁটে রওনা হয়েছি।’