ছুটির দিনে জমজমাট প্রচারণায় তিন মেয়র প্রার্থী
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা শেষ হবে আগামী সোমবার মধ্যরাতে। এর আগে সাপ্তাহিক ছুটির দিন আজ শুক্রবার দিনভর প্রচারণা চালিয়েছেন মেয়রসহ কাউন্সিলর প্রার্থীরা। দুই মেয়র প্রার্থীর প্রচারণায় ব্যস্ত ছিলেন তাঁদের সহধর্মিণীরাও।
১৫ জুন ইভিএমের মাধ্যমে এ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার কথা। আজ সকাল থেকে মেয়র প্রার্থী ও তাঁদের সমর্থকেরা গণসংযোগ, মতবিনিময়, পথসভা ও উঠান বৈঠক করেন। কাউন্সিলর প্রার্থীরা গণসংযোগ করেন। এ সময় প্রার্থীরা ভোটারদের নানা আশ্বাস দেন।
বেলা দুইটার দিকে ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাগিচাগাঁও জামে মসজিদের সামনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আরফানুল হক ও টেবিল ঘড়ির মনিরুল হকের পক্ষে লিফলেট বিতরণ করা হয়।
বিকেল পাঁচটার দিকে নগরের পাথরিয়া পাড়া এলাকায় গণসংযোগ করেন মনিরুল হক। এরপর তিনি গণসংযোগ করেন সাহাপাড়া ও সুজানগর এলাকায়। গণসংযোগের সময় মনিরুল হক বলেন, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড চাই। নির্বাচন কমিশন কুমিল্লায় সুষ্ঠু নির্বাচন করবে বলে নিশ্চিত করেছে। আমি নির্বাচন কমিশনের কথায় আস্থা রাখছি।’
অপর দিকে নৌকার প্রার্থী আরফানুল হক প্রচারণা চালান দয়াপুর, মগবাড়ি ও উত্তর কালিয়াজুরি এলাকায়। সন্ধ্যায় উঠান বৈঠক করেন ঠাকুরপাড়া রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে। এ সময় আরফানুল হক বলেন, ‘মেয়র নির্বাচিত হলে এক বছরের মধ্যে নগরের জলাবদ্ধতা দূর করব। যানজট নিরসনে কাজ করব। নগর ভবনকে দলীয় কার্যালয় বানাব না। দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।’
এদিকে পরিবর্তনের কথা বলে প্রচারণা চালিয়েছেন মেয়র পদে আরেক স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার। তিনি ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল ১০টার দিকে লক্ষ্মীনগর এলাকায় গণসংযোগ করেন। উঠান বৈঠক করেন খলিফাবাড়ি এলাকায়।
মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, আরফানুল ও মনিরুল হক কুমিল্লাকে লুটপাট করে খেয়েছেন। মানুষ পরিবর্তন চায়। নতুন মুখ চায়।
অপর দুই মেয়র প্রার্থী হরিণ প্রতীকের কামরুল আহসান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের রাশেদুল ইসলামের তেমন কোনো প্রচারণা দেখা যায়নি।
প্রচারণায় প্রার্থীদের সহধর্মিণী
প্রার্থীদের পাশাপাশি তাদের সহধর্মিণীদেরও বিভিন্ন এলাকায় প্রচারণায় অংশ নিতে দেখা গেছে। মনিরুল হকের সহধর্মিণী আফরোজা জেসমিন ও ছোট ভাই কাইমুল হকের স্ত্রী ফেরদৌস আরা বিকেলে টেবিল ঘড়ির প্রচারণা শুরু করেন। তারা নগরের পূর্ব মাটিয়ারা, নোয়াগ্রাম, উনাইসার ও দিশাবন্দ এলাকায় উঠান বৈঠক করেন।
অপর দিকে আরফানুল হকের পক্ষে প্রচারণা চালান তাঁর সহধর্মিণী ফারহানা হক ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনের স্ত্রী মেহেরুন্নেছা বাহার। বিকেলে ডি কে আইডিয়াল একাডেমি, সন্ধ্যায় নেউরা ও রাত আটটার দিকে নোয়াগাঁও চৌমুহনী এলাকায় তাঁরা উঠান বৈঠক করেন।