ছুটির দিনে বরিশাল বিভাগে করোনা শনাক্তের হার ৪৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি: রয়টার্স

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ৮৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ১৯৮ জনের নমুনা পরীক্ষার পর বিভাগের চার জেলায় গড় শনাক্তের হার ৪৪ দশমিক ৯৫ শতাংশ। এ সময়ে বিভাগে একজনের মৃত্যু হয়েছে করোনায়। আজ শনিবার সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য বিভাগ বলছে, গতকাল শুক্রবার ছুটির দিন থাকায় কম নমুনা সংগৃহীত হয়েছে, এ জন্য শনাক্তসংখ্যা কম। তবে শনাক্তের হার আগের মতোই। গতকাল সকাল ৮টার আগপর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে ১ হাজার ৮১ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা রোগী শনাক্ত হয়েছিলেন ৫০৩ জন। শনাক্তের হার ছিল ৪৬ দশমিক ৫৩ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে ৮৬৭ জনের নমুনা পরীক্ষায় ৩৬১ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৪১ দশমিক ৬৩ শতাংশ।

১ জানুয়ারি করোনার তৃতীয় ঢেউ শুরুর পর থেকে বরিশাল বিভাগে এ পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৫ জানুয়ারি প্রথম একজনের মৃত্যু হয়। এরপর গত বৃহস্পতিবার ও গতকাল একজন করে মারা যান। সর্বশেষ গতকাল রাতে আরেকজন মারা যান। তৃতীয় ঢেউয়ে মারা যাওয়া তিনজনের মধ্যে দুজনই বরগুনা জেলার, একজন ভোলার এবং গতকাল রাতে মারা যাওয়া ব্যক্তির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এর আগে গত বছরের ৫ অক্টোবর সর্বশেষ বিভাগে করোনা সংক্রমণে একজনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বরিশালে ৪২ জন, পটুয়াখালীতে ২, ভোলায় ৩৪, ঝালকাঠিতে ১০ এবং বরগুনায় ১ জন রোগী শনাক্ত হয়েছেন। তবে পিরোজপুরে কোনো নমুনা পরীক্ষা হয়নি বলে রোগী শনাক্ত হয়নি।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল প্রথম আলোকে বলেন, গতকাল ছুটির দিন থাকায় নমুনা কম সংগৃহীত হয়। ফলে শনাক্ত ও গড় হার কমে যায়। তবে কম নমুনা পরীক্ষা হলেও শনাক্তের হারে ঊর্ধ্বগতি অব্যাহত আছে। এতে দেখা যাচ্ছে, শুরুতে বররিমাল ও পিরোজপুরে সংক্রমণ বেশি থাকলেও এখন ভোলা, বরগুনা, ঝালকাঠিতে সমানহারে সংক্রমণ বাড়ছে এবং এটা দ্রুতগতিতে ছড়াচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হলে স্বাস্থ্যবিধি মানতে হবে। তা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।