ছুরিকাঘাতে আহত ওষুধ কোম্পানির প্রতিনিধির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছুরিকাঘাত
প্রতীকী ছবি

নেত্রকোনার মদন উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত একটি ওষুধ কোম্পানির প্রতিনিধির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মারা যাওয়া ব্যক্তির নাম দেওয়ান খসরু ইয়ার চৌধুরী (৫৮)। তিনি উপজেলার ফতেপুর দেওয়ান পাড়া গ্রামের দেওয়ান মুশফিক ইয়ার চৌধুরীর ছেলে। তিনি মদন পৌরসভার জাহাঙ্গীরপুর আশকিপাড়া এলাকায় নিজ বাসায় বসবাস করতেন। ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে কাজ করতেন খসরু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খসরু ইয়ার চৌধুরী ৬ মার্চ রাত সাড়ে ১১টার দিকে ওষুধ কোম্পানির টাকা সংগ্রহ করে ব্যাগ ভর্তি টাকা নিয়ে নিজ বাসার ফটকের সামনে আসেন। এ সময় আগে ওত পেতে থাকা আটপাড়া উপজেলার সুখারি এলাকার মো. আবদুল কবির মিয়াসহ (২৪) দুই যুবক তাঁর টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু ব্যাগটি না দেওয়ায় ছিনতাইকারীরা তাঁর বুকে ও পেটে ছুরিকাঘাত করেন। তাঁর স্ত্রী হাফছা আক্তার গেট খুলে এ দৃশ্য দেখে ডাক দিলে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে ছিনতাইকারীরা টাকার ব্যাগ রেখে পালিয়ে যান। আহত খসরুকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়। ওই হাসপাতালের আইসিইউতে টানা ১১ দিন চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত সাড়ে ১২টার দিকে মারা যান।

এই ঘটনার পর খসরুর স্ত্রী হাফছা আক্তার বাদী হয়ে ১০ মার্চ থানায় একটি মামলা করেন। মামলায় আবদুল কবির মিয়ার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। পরে পুলিশ ওই দিন রাতেই কবিরকে গ্রেপ্তার করে।

হাফছা আক্তার মামলায় উল্লেখ করেন, অভিযুক্ত আবদুল কবির মিয়া পেশায় রাজমিস্ত্রি। তিনি জাহাঙ্গীরপুর কোর্ট বিল্ডিং এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন। কয়েক মাস আগে তাঁকে দিয়ে খসরু বাসায় কাজ করিয়েছিলেন। সেই থেকে তিনি পরিচিত। ঘটনার সময় তিনি দেখেই চিনতে পেরেছেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, ছুরিকাঘাতে আহত খসরু ইয়ার চৌধুরী ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আগের মামলাটি হত্যা মামলা রূপান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্ত শেষে শুক্রবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।