ছুরিকাঘাতে নারী খুন, সাবেক স্বামীর বিরুদ্ধে অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে এক নারী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে নিজ বাড়িতে ফারজানা আক্তার সীমা (২২) নামের ওই নারী খুন হন বলে জানিয়েছে পুলিশ ও এলাকাবাসী। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। 

নিহত সীমা শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর গ্রামের নুরুল আসলামের মেয়ে। তাঁর সাবেক স্বামী সুমন আলী (২৫) একই গ্রামের বাসিন্দা। তাঁদের আড়াই বছর বয়সের একটি সন্তান রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ২০১২ সালের পারিবারিকভাবে সীমা ও সুমনের বিয়ে হয়। গত বছরের ডিসেম্বরে তাঁদের বিচ্ছেদ হয়। গতকাল রাত ১১টার দিকে সন্তানকে দেখার নাম করে সীমার বাড়িতে আসেন সুমন আলী। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে সঙ্গে থাকা ছুরি দিয়ে সীমাকে আঘাত করেন সুমন। এ সময় সীমার মা দিলুয়ারা বেগম (৫০) ও ভাই কামরুজ্জামান (১৮) এগিয়ে এলে তাঁদেরও ছুরি দিয়ে আঘাত করেন সুমন। তাঁদের চিৎকারে এলাকাবাসী এসে সুমনকে আটক করে পুলিশে সোপর্দ করে। ঘটনাস্থলে সীমা মারা যান। গুরুতর আহত দিলুয়ারা বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য সীমার মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে করছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের পরিদর্শক (তদন্ত) সারোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। হত্যার উদ্দেশে সুমন সীমার বাড়িতে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাঁর কাছে আগে থেকে ছুরি ছিল।