কুমিল্লার মুরাদনগর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার এক চালক খুন হয়েছেন। তাঁর নাম শরিফুল ইসলাম। অভিযোগ পাওয়া গেছে, সড়কের পাশে রাখা তাঁর অটোরিকশাটিকে একটি যাত্রীবাহী মিনিবাস ধাক্কা দেয়। এ নিয়ে বাগ্বিতণ্ডার জেরে তাঁকে টেনেহিঁচড়ে বাসে তুলে নেওয়া হয়। পরে তাঁকে ছুরিকাঘাত করা হয় এবং একপর্যায়ে চলন্ত বাস থেকে ধাক্কা মেরে ফেলে চাকায় পিষে হত্যা করা হয়।
গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ রাত ১০টার দিকে উপজেলার ঘোড়াশাল এলাকা থেকে অটোরিকশাচালক শরিফুলের (২৮) লাশ উদ্ধার করে। তাঁর বাড়ি মুরাদনগরের উত্তরপাড়া গ্রামে। এ ঘটনায় মুরাদনগর থানায় হত্যা মামলা হয়েছে। এ ছাড়া পালানোর সময় ধাওয়া দিয়ে বাসচালক বাবু ভূঁইয়াকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালকের সহকারী পালিয়ে যেতে সক্ষম হন।
জানতে চাইলে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় অটোরিকশাচালকের বাবা মালু মিয়া বাদী হয়ে মামলা করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাসটির চালক বাবু ভূঁইয়া এই হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন। চালকের সহকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শী ও বাসচালকের বরাত দিয়ে পুলিশের দুজন সদস্য বলেন, শুক্রবার রাতে বাসটি সিলেটে মাজার জিয়ারত করতে যাওয়া যাত্রীদের নিয়ে কুমিল্লায় ফিরছিল। রাত সাড়ে নয়টার দিকে বাসটি মুরাদনগর উপজেলা সদরে পৌঁছায়। এ সময় সেখানে সড়কের পাশে রাখা শরিফুল ইসলামের অটোরিকশার সঙ্গে বাসের ধাক্কা লাগে। এতে ক্ষুব্ধ হয়ে শরিফুল বাসচালক ও তাঁর সহকারীর সঙ্গে বাগ্বিতণ্ডায় লিপ্ত হন।
একপর্যায়ে বাসের চালক ও তাঁর সহকারী শরিফুলকে টেনেহিঁচড়ে বাসে তুলে নিয়ে যান। পরে বাসের ভেতরে তাঁকে মারধর করা হয়। একপর্যায়ে ছুরিকাঘাত করা হয়। এরপর উপজেলার ঘোড়াশাল এলাকায় নিয়ে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। তাঁকে চাকার নিচে পিষ্ট করা হয়। এতে ঘটনাস্থলেই শরিফুলের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় বাসটিকে ধাওয়া দেয়। পরে হোমনা উপজেলার কাশিপুর এলাকায় বাসটি জব্দ ও এর চালককে আটক করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। গতকাল শনিবার বিকেলে ময়নাতদন্ত শেষে শরিফুলের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে।
এদিকে অটোরিকশাচালক শরিফুলকে হত্যার এ ঘটনার প্রতিবাদে গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মুরাদনগর উপজেলা সদরে মানববন্ধন ও সড়ক অবরোধ করা হয়। অটোরিকশাচালকেরা এই কর্মসূচি পালন করেন। এ সময় তাঁরা বাসচালক ও তাঁর সহকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।