ছুড়ে মারা গরম তেলে ঝলসে গেল মা-মেয়ের শরীর
রান্না করা নিয়ে দুই নারীর ঝগড়া। একপর্যায়ে এক নারীর ছুড়ে মারা তেলে ঝলসে যায় মা-মেয়ের শরীর। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা পল্লী বিদ্যুৎ দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মা-মেয়ে হলেন রংপুরের মিঠাপুকুরের মাজেদুল ইসলামের স্ত্রী ইসমতারা বেগম (২২) ও তাঁর তিন বছরের শিশু মাজেদা আক্তার মায়া। এ ঘটনায় পুলিশ আমেনা বেগম (৩৫) নামের এক নারীকে আটক করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ইসমতারা তাঁর স্বামীর সঙ্গে চান্দরা পল্লী বিদ্যুৎ দক্ষিণপাড়া এলাকায় একটি বাড়িতে ভাড়া থেকে স্থানীয় এফবি ফুটওয়্যারে চাকরি করেন। একই বাড়িতে ভাড়া থাকেন দিনাজপুরের পার্বতীপুরের আসাদ মিয়ার স্ত্রী আমেনা বেগম (৩৫)। গতকাল ইফতারের আগে রান্না নিয়ে আমেনা ও ইসমতারার সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আমেনা রান্নার গরম তেল ইসমতারার দিকে ছুড়ে মারেন। এতে ইসমতারা ও তাঁর কোলে থাকা শিশুর শরীর ঝলসে যায়।