ছেঁড়া হলো মনোনয়নপত্র, প্রার্থীকে অপহরণ
চট্টগ্রামের মিরসরাইয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন রোববার ইছাখালীতে এক চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।
একই দিন সকালে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জোরারগঞ্জ ইনিয়নের চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে আরেক প্রার্থীর লোকজনের বিরুদ্ধে।
জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান মকসুদ আহমদ চৌধুরী জানান, রোববার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সকাল সাড়ে নয়টায় তাঁর পক্ষে মনোনয়নপত্র জমা দিতে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যান তাঁর কর্মীরা। সেখানে আগে থেকে অবস্থান নেন চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া মোহাম্মদ রেজাউল করিমের কর্মী-সমর্থকেরা। রেজাউল করিমের কর্মীরা জোর করে তাঁর কর্মীদের কাছ থেকে মনোনয়নপত্র কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলেন।
মকসুদ আহমদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনায় আমি নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। পুরো বিষয়টি নিয়ে আমি হতাশ।’
এ বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দলের মনোনীত প্রার্থী রেজাউল করিম বলেন, ‘কোনো প্রার্থীর মনোনয়নপত্র কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলার ঘটনা আমার জানা নেই। কেউ এমন অভিযোগ করলে তা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমার কার্যালয়ে কোনো প্রার্থীর মনোনয়নপত্র কেড়ে নেওয়ার ঘটনা ঘটেনি। তবে একজন প্রার্থী অভিযোগ করলে তাঁকে আবার মনোনয়ন ফরম দিয়েছি।’
ইছাখালী ইউনিয়ন পরিষদের মো. মোস্তফা নামের এক স্বতন্ত্র প্রার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে। ওই প্রার্থীর ছোট ভাই নেচার আহমেদ জানান, আজ রোববার দুপুর দুইটায় তাঁর ভাই কর্মী-সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দিতে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যাচ্ছিলেন। উপজেলার পৌরসভা মার্কেট এলাকায় বর্তমান চেয়ারম্যান ও দলীয় প্রার্থী নুরুল মোস্তফার লোকজন তাঁর ভাইকে আটকে মনোনয়নপত্র ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলেন। এ ঘটনায় তাঁর ভাই থানায় অভিযোগ দিতে যাচ্ছিলেন। থানার কাছাকাছি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাসে তুলে তাঁর ভাইকে অপহরণ করে নিয়ে যান নুরুল মোস্তফা ও তাঁর লোকজন। অপহরণের পর জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান তাঁরা।
এ বিষয়ে জানতে চাইলে নুরুল মোস্তফা অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘কোনো প্রার্থী অপহরণের বিষয়ে আমি কিছু জানি না।’
এক ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়নপত্র ছিঁড়ে ফেলা ও আরেকজনকে অপহরণ করে নিয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে মিরসরাই থানার ওসি মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘দুটি ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি। তবে এক প্রার্থীকে অপহরণ করা হয়েছে বলে ৯৯৯ নম্বরে করা অভিযোগ পেয়ে এ বিষয়ে খোঁজ নিচ্ছি আমরা।’
মিরসরাইয়ে ইউপি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল রোববার বিকেল পাঁচটা পর্যন্ত। আগামী ১১ নভেম্বর এই উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।