ছেলে সম্রাটের কামড়ে আহত নদীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অসুস্থ অবস্থায় সিংহী নদী। সম্প্রতি তোলা
ছবি: প্রথম আলো

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সিংহ বেষ্টনীর একটি কক্ষে নদীর সঙ্গে থাকত সম্রাট। সম্পর্কে মা-ছেলে হলেও ঝগড়া-বিবাদেই কাটত দুজনের সময়। সর্বশেষ গত ২৮ ফেব্রুয়ারি নদীর গলা ও পেটে কামড় বসিয়ে দেয় সম্রাট। সেই থেকে পৃথক কক্ষে একাকী জীবন কাটছিল অসুস্থ নদীর।

অবশেষে টানা দুই মাস অসুস্থতায় ভুগে মৃত্যুবরণ করেছে সাফারি পার্কের নদী নামের সিংহটি। শুক্রবার সকালে মারা যাওয়া সিংহটিকে বিকেলে মাটিতে পুঁতে ফেলা হয়।

সাফারি পার্কের সিংহ বেষ্টনীতে নদীর জন্ম, বয়স হয়েছিল ১৫ বছর। একই বেষ্টনীতে ২২ বছর বয়সী আরেক সিংহ সোহেলের সঙ্গে ১১ বছরের সংসার ছিল নদীর। তাদের সংসারে জন্ম নেয় টুম্পা (১০) ও সম্রাট (৯) নামের দুই সন্তান। সোহেলের প্রথম সংসার ছিল হীরা নামের একটি সিংহীর সঙ্গে। হীরার পেটে জন্ম রাসেলের (১৫)। রাসেলকে রেখে বেষ্টনীতে মারা যায় হীরা।

বঙ্গবন্ধু সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, শুক্রবার সকালে অসুস্থ নদী মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপর ময়নাতদন্ত শেষ করে পার্কের অভ্যন্তরে মাটিতে পুঁতে ফেলা হয়। এ ঘটনায় চকরিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

মো. মাজহারুল ইসলাম বলেন, গত ২৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটার দিকে নদী, টুম্পা, সম্রাট ও রাসেলকে রেখে পৃথিবী থেকে বিদায় নেয় সোহেল। আজকে টুম্পা, রাসেল ও সম্রাটকে রেখে চলে গেল নদী। এখন ৭৫ একরের সিংহ বেষ্টনীতে আছে তিনটি সিংহ—টুম্পা, রাসেল ও সম্রাট।

পার্ক কর্মকর্তারা বলেন, ২০০৪ সালে ৪ বছর বয়সী সোহেলকে এই পার্কে আনা হয়েছিল। সোহেলের সঙ্গে এই বেষ্টনীতে নদীর কেটেছে টানা ১১ বছর। সোহেলের মৃত্যুর পর পশুগুলোর আক্রমণাত্মক আচরণ ও মনোভাব লক্ষ করা গিয়েছিল। প্রায় সময় একে অপরের ওপর আক্রমণ করত, চালাত ঝগড়াঝাঁটি। যদিও বার্ধক্যের কারণে সোহেলের মৃত্যু হয়েছিল। এখন নদীর মৃত্যুর পর সম্রাট, রাসেল আর টুম্পার আচরণ কেমন হয়, দেখার বিষয়।

পার্কের ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাত মো. জুলকার নাইন বলেন, অসুস্থ সিংহীর (নদীর) উন্নত চিকিৎসার জন্য একাধিকবার মেডিকেল বোর্ড বসানো হয়। সিরাম ও রক্তের নমুনা পরীক্ষা করে সিংহীর শরীরে ‘ভাইরাল ইনফেকশন’ পাওয়া গেছে। যার লক্ষণ ভালো না। চিকিৎসার জন্য ১ এপ্রিল মেডিকেল বোর্ড সিংহীকে অচেতন করেছিল। সিংহীর চেতনা ফিরে আসতে সময় লেগেছিল প্রায় পাঁচ ঘণ্টা। গত ২৭ মার্চ থেকে সিংহী পানি ছাড়া অন্য খাবার মুখে তুলছিল না।

প্রাণিসম্পদ কর্মকর্তা সুপন নন্দী বলেন, স্বাভাবিক অবস্থায় সিংহ বাঁচে ১৫ থেকে ১৮ বছর। সাফারি পার্কে মরে যাওয়া সোহেলের বয়স ছিল ২২ বছর। নদীর বয়সও ১৫ বছর অতিক্রান্ত।