ছেলে হত্যার দায়ে মাসহ তিনজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে ১১ বছরের শিশু রনিকে হত্যার দায়ে তার মাসহ ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে ব‌রিশা‌লের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কে এম শহীদ আহম্মেদ এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালটির বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) লস্কর নুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নিহত রনির মা কনা বেগম (৩৭), তাঁর দুই সহযোগী রুহুল আমিন নলি (৩৫) ও শাহীন নলি (৩৬)। রায় ঘোষণার সময় কনা ও রুহুল আদালতে উপস্থিত ছিলেন। আর শাহীন এখনো পলাতক। দণ্ডপ্রাপ্ত সবাই বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজীরহাট থানার পশ্চিম রতনপুর এলাকার বাসিন্দা। এর মধ্যে দণ্ডপ্রাপ্ত শাহীন কনা বেগমের চাচাতো ভাই এবং রুহুল আমিন শাহীনের বন্ধু। ঘটনার সময় রুহুল ও শাহিন কাজীরহাট একতা ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন।

মামলার নথি ও আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, অনৈতিক সম্পর্কের জেরে ২০১৩ সালের ২১ ফেব্রুয়ারি কনা বেগম, শাহীন ও রুহুল আমিন তিনজন মিলে রনিকে শ্বাসরোধে হত্যা করেন। এই ঘটনার পরদিন নিহত রনির বাবা লতিকুল্লাহ দুয়ারী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। মামলার তদন্তের সূত্র ধরে ২০১৪ সালের ২৭ মার্চ রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয় এবং তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়। মামলার তদন্ত শেষে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম মৃধা তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। আদালত ২৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় ঘোষণা করেন।

রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আদালতের পিপি লস্কর নুরুল হক। তিনি বলেন, ‘এই রায়ে আমরা সন্তুষ্ট।’