ছেলে ‘হত্যা’র বিচার চাওয়ায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যা
প্রতীকী ছবি

গাজীপুরে ছেলে ‘হত্যা’র বিচার চাইতে গিয়ে প্রতিপক্ষের মারধরে পোশাকশ্রমিক বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের বাহাদুরপর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আসাদুল ইসলাম (৫২)। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পাঁচউলিপুর এলাকার মৃত গোলাম উদ্দিনের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, আসাদুল ইসলাম গাজীপুর সিটি করপোরেশনের বাহাদুরপুর তুলসীভিটা এলাকার ফিরোজের বাড়িতে সপরিবার ভাড়া থাকেন। সেখান থেকে স্থানীয় একটি পোশাক তৈরি কারখানায় চাকরি করতেন। ৩ আগস্ট বেলা ১১টার দিকে তাঁর ছেলে মো. নয়ন মিয়াকে (১২) তুরাগ নদে মাছ ধরার কথা বলে বাড়ি থেকে ডেকে আঙ্গুটিয়াচালা এলাকায় নিয়ে যান প্রতিবেশী সেজু (২৫), আনন্দ (২১), বাবলু মিয়া (৪২), শাহীন হোসেনসহ (১৯) কয়েকজন। সেখানে নৌকা থেকে নদে পড়ে নিখোঁজ হয় নয়ন। পরে সন্ধ্যায় তার লাশ ওই নদ থেকে উদ্ধার করেন স্থানীয় ব্যক্তিরা।

সালিস বৈঠককে কেন্দ্র করে আসাদুল ইসলামকে স্থানীয় আলমগীর হোসেন তাঁর বাড়ির উঠানে ডেকে নিয়ে যান। সেখানে প্রতিপক্ষ তাঁকে ব্যাপক মারধর করে।

এ ঘটনায় নৌকা থেকে নদে ফেলে দিয়ে নয়নকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন আসাদুল ইসলাম। বিষয়টি নিয়ে এলাকায় আসাদুলের ঘনিষ্ঠ সুজন মাহমুদ ও অভিযুক্তদের আত্মীয় আলমগীর হোসেনের সমর্থকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে গত সোমবার বিকেলে সালিস ডাকা হয়। প্রতিপক্ষের লোকজন উপস্থিত না থাকায় বৈঠকটি হয়নি। পরবর্তী সালিস বৈঠকের দিন বুধবার বেলা তিনটার দিকে নির্ধারণ করা হয়।

সালিস বৈঠককে কেন্দ্র করে আসাদুল ইসলামকে স্থানীয় আলমগীর হোসেন তাঁর বাড়ির উঠানে ডেকে নিয়ে যান। সেখানে আলমগীর, মোজাম্মেল ব্যাপারী, হবি ব্যাপারীসহ তাঁদের লোকজনের সঙ্গে আসাদুলের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁরা তাঁকে ব্যাপক মারধর করেন। এতে আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে আসাদুলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।

গাজীপুর সিটির ২২নং ওয়ার্ড কাউন্সিলর মো. মোশারফ হোসেন বলেন, ‘আসাদুল তার ছেলের মৃত্যুর জন্য বিচার চেয়ে আসছিল বলে শুনেছি। সেই ঘটনাকে কেন্দ্রকে আসাদুলকেও মারধর করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।’

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ বায়েজিদ জানান, নিহতের চোখের পাশে ও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।