ছেলেকে কুপিয়ে হত্যার পর পালিয়ে যাওয়া সেই বাবা গ্রেপ্তার
নাটোরের লালপুর উপজেলায় নিজের ছেলেকে হত্যার অভিযোগে আজিজুর রহমান (৬৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে উপজেলার ওয়ালিয়া পূর্বপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার তাঁকে আদালতে নেওয়া হবে। গ্রেপ্তার আজিজুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের বড় ময়না গ্রামের বাসিন্দা। নিজের ছেলে আবদুল হাকিমকে (৪২) হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা ও ছেলের স্ত্রীকে গুরুতর জখম করার অভিযোগে গতকাল সন্ধ্যায় তাঁর বিরুদ্ধে মামলা হয়।
লালপুরের ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফারুক হোসেন জানান, গতকাল বিকেলে এ হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তবে পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্ত আজিজুর রহমান পালিয়ে যান। ওয়ালিয়া বাজারে আজিজুর রহমান খলিফার চায়ের দোকান রয়েছে। এ কারণে পুলিশ প্রথমে ওই দোকানে, পরে আশপাশের মহল্লায় তল্লাশি করে। রাত আটটার দিকে পূর্বপাড়ার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নিহত আবদুল হাকিমের স্ত্রী রিমা খাতুনের অভিযোগ, গতকাল বেলা সোয়া তিনটার দিকে আবদুল হাকিম ঈশ্বরদী পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কাজ শেষে বাড়ি ফেরেন। এ সময় তাঁর বাবা আজিজুর রহমান এক ব্যক্তিকে জমি ইজারা দেওয়া নিয়ে স্ত্রী-সন্তানদের সঙ্গে ঝগড়া করছিলেন। কথা-কাটাকাটির একপর্যায়ে আজিজুর তাঁর ব্যাগে থাকা হাঁসুয়া বের করে হাকিমের গলায় কোপ দেন। তিনি (রিমা খাতুন) বাধা দিতে গেলে তাঁকেও কোপান। হাঁসুয়ার কোপে তাঁর বাঁ হাতের কবজি কেটে গেছে। আশপাশের লোকজন দুজনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হাকিমকে মৃত ঘোষণা করেন। আহত গৃহবধূ একই হাসপাতালে চিকিৎসাধীন।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাসানুজ্জামান বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার আগেই আবদুল হাকিমের মৃত্যু হয়েছে। গলায় হাঁসুয়ার কোপে রক্তনালি কেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়। আহত গৃহবধূ রিমা খাতুন চিকিৎসাধীন।
হাকিমের শাশুড়ি উপজেলার এবি ইউনিয়নের বরমহাটি গ্রামের আসেনারা বেগম ও শ্বশুর আবদুর রহিম জানান, ২০১১ সালে আবদুল হাকিমের সঙ্গে তাঁদের মেয়ে রিমার বিয়ে হয়। তাঁদের পায়েল (১১) ও পান্না (৭) নামের দুই সন্তান আছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মনোয়ারুজ্জামান বলেন, পারিবারিক কলহের জেরে বড় সন্তান হাকিম তাঁর বাবা আজিজুর রহমানকে বাড়ি থেকে বের করে দেন। প্রায় ছয় মাস ধরে স্থানীয় ওয়ালিয়া বাজারে নিজের দরজির দোকানেই থাকতেন আজিজুর। গতকাল দোকান থেকে বাড়িতে গিয়ে কথা–কাটাকাটির একপর্যায়ে ঘটনাটি ঘটে।
ওসি মনোয়ারুজ্জামান আরও বলেন, এ ঘটনায় গতকাল সন্ধ্যায় থানায় হত্যা মামলা হয়েছে। এর পরপরই আজিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছেলেকে হত্যার দায় স্বীকার করেছেন তিনি। তাঁকে আদালতে হাজির করার প্রস্তুতি চলছে। আদালতের সামনে তিনি দোষ স্বীকার করে জবানবন্দি দেবেন বলে পুলিশকে জানিয়েছেন।