ছেলেকে ছিনিয়ে আনতে শ্বশুরবাড়ি হামলা, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনীতে ছেলেকে ছিনিয়ে আনতে এক ব্যক্তি তাঁর শ্বশুরবাড়িতে হামলা চালিয়েছেন। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তিন নারীসহ চারজন আহত হয়েছেন। এক নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাতে মারা গেছেন।

নিহত নারীর নাম জাহানারা খাতুন (৪০)। তিনি গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের মৃত মোহাম্মদ আলীর মেয়ে। অভিযুক্ত হামলাকারীর নাম আসাদুল ইসলাম (৪০)। তিনি মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের সামেদ আলীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, আসাদুলের সঙ্গে আট বছর আগে গাড়াডোব গ্রামের মৃত মোহাম্মদ আলীর মেজো মেয়ে ভানু খাতুনের (৩২) বিয়ে হয়। ভানু আসাদুলের দ্বিতীয় স্ত্রী। বিয়ের দুই বছরের মাথায় তাঁদের একটি ছেলেসন্তান জন্ম নেয়। তবে পারিবারিক কলহের জেরে ভানু তাঁর ছেলে মাসুদ রানাকে (৭) সঙ্গে নিয়ে বছর দুয়েক আগে বাবার বাড়িতে চলে আসেন। আসাদুল ছেলেকে নিজের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

এলাকার কয়েকজন বলেন, আসাদুল গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে ধারালো অস্ত্র হাতে নিয়ে গাড়াডোব গ্রামে শ্বশুরবাড়িতে আসেন। একপর্যায়ে তিনি ছেলে মাসুদকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে বাড়ির লোকজন বাধা দেন। তখন আসাদুল ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ভানুর বড় বোন জাহানারা খাতুন (৪০), ছোট বোন পারভিনা খাতুন (২৪), ভাই ইসাহাক আলী (৪০) ও ইসাহকের স্ত্রী ফরিদা বেগম (৩২) আহত হন। তাঁদের প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে গুরুতর আহত জাহানারা ও পারভিনাকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাহানারার মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন গতকাল শনিবার বিকেল পাঁচটায় প্রথম আলোকে বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 এদিকে ঘটনার পর আসাদুলকে আটকে মারধর করে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পুলিশ আসাদুলকে আটক করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়। তাঁর বিরুদ্ধে গত শুক্রবার গাংনী থানায় মামলা হয়। একই দিন আদালতের মাধ্যমে আসাদুলকে কারাগারে পাঠানো হয়েছে।