নিভৃত এক গ্রাম। পাকা রাস্তার পর মাটির পথ। সামনের বাড়ি থেকে ভেসে আসছিল কান্নার শব্দ। ঘরের ভেতর এক নারীকে সান্ত্বনা দিচ্ছিলেন কয়েকজন। তবু কান্না থামছিল না। আর্তনাদ করে বলছিলেন, ‘বেটা (ছেলে), বেটা, বেটা রে...।’
গতকাল বুধবার দুপুরে পাবনা জেলা সদরের চর তারাপুর ইউনিয়নের আটঘড়িয়াপাড়ায় ঢুকতেই মুখোমুখি হতে হয় এমন দৃশ্যের। এক দিন আগেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত হয়েছেন নাসিম শেখ (২৫)। ছেলেকে হারিয়ে গতকালও ছিল মা রোশা খাতুনের আর্তনাদ।
নাসিম গ্রামের রোশা খাতুন ও নায়েব আলী দম্পতির একমাত্র ছেলে। ইউনিয়নের দুবলিয়া জসিম উদ্দিন ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি। পাশাপাশি নিজের পড়ালেখার খরচ ও পরিবারকে সহযোগিতার জন্য বাড়ির সামনে মুদিদোকানের ব্যবসা করতেন। মাঝেমধ্যে কৃষিশ্রমিকের কাজ করেও আয় করতেন নাসিম।
গত সোমবার সন্ধ্যায় নাসিম বোনের ছেলের জন্য স্থানীয় চরতারাপুর বাজারে ওষুধ কিনতে গিয়েছিলেন। সেখানেই নির্বাচনী সহিংসতায় তাঁর মৃত্যু হয়। রাস্তায় পরে থাকে তাঁর বোনের ছেলের জন্য কেনা ওষুধ।
নাসিমের দোকানের সামনে বসে কথা হয় তাঁর বাবা নায়েব আলীর সঙ্গে। তিনি একসময় ইঞ্জিনচালিত নছিমন চালাতেন। বর্তমানে গ্রাম থেকে ছাগল কিনে বিক্রি করেন। এক মেয়ে ও এক ছেলেকে নিয়ে ছিল তাঁর সংসার। কান্নাজড়িত কণ্ঠে নায়েব আলী বলেন, ‘আমার বেটা সোনার বেটা ছিল। নিজির আয় দিই নিজি চইলত। আমাগের চালাত। আমার হেই বেটা আইজ নাই। বুকটা ফাটে যাচ্ছে। দুনিয়ার সব দিলিও আমার এই ক্ষতি পুষাবি না।’