ছেলের ইটের আঘাতে কলেজশিক্ষক বাবার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমদাদুল হক
ছবি: সংগৃহীত

ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত ছিলেন রেজওয়ান ইসলাম (২৪)। গত বছর করোনাকালের শুরুতে চাকরি ছেড়ে বাসায় চলে আসেন তিনি। এর পর থেকে বাড়িতেই আছেন।

শুক্রবার দিনগত রাতে বাবার কাছে টাকা চাইতে গেলে বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে ক্ষুব্ধ হয়ে তাঁর কলেজশিক্ষক বাবার মাথায় ইট দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত অবস্থায় রাতেই তাঁকে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মারা যাওয়া ব্যক্তির নাম মো. ইমদাদুল হক (৫২)। তিনি দিনাজপুরের চিরিরবন্দর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক ছিলেন। তাঁর বাড়ি চিরিরবন্দর উপজেলার আবদুলপুর ইউনিয়নের নান্দেরাই গ্রামে। অভিযুক্ত রেজওয়ান ইসলাম কিছুটা নেশাগ্রস্ত হয়ে পড়েছেন বলেও স্থানীয় সূত্রে জানা যায়।

এ বিষয়ে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ইতিমধ্যে অভিযুক্ত ছেলে রেজওয়ানকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবার মাথায় ইট দিয়ে আঘাত করার কথা স্বীকার করেছেন তিনি। লাশটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।