ছেলের মোটরসাইকেলের পেছনে থাকা বাবার প্রাণ গেল ট্রাকচাপায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

পঞ্চগড় শহরের তেলীপাড়ায় কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল এলাকায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে ট্রাকচাপায় ছেলের মোটরসাইকেলের পেছনে থাকা এক বাবা নিহত হয়েছেন। তাঁর নাম জহিরুল ইসলাম (৫৫)। এ ঘটনায় তাঁর ছেলে এনামুল হক (৩৫) গুরুতর আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জহিরুল ইসলাম জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের লোহাকাচী এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে জহিরুল ইসলাম তাঁর ছেলে এনামুল হকের মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছিলেন। তাঁরা পঞ্চগড় কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে সড়কের ওপর ছিটকে পড়েন জহিরুল ও তাঁর ছেলে এনামুল। এ সময় ট্রাকটি জহিরুলকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন এনামুল হক। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

জানতে চাইলে পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার বলেন, ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।