ছেলের লাশের পাশেই মাটিতে ঢলে পড়লেন তিনি
ক্যানসারে আক্রান্ত ছেলে অমল রায়ের (৪৮) মৃত্যুর এক ঘণ্টা পার না হতেই মা শোভা রায়েরও (৭০) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধারমানিক গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শোভা রায়ের দুই ছেলে বিমল রায় ও অমল রায়। স্থানীয় লেছড়াগঞ্জ বাজারে তাঁদের সাইকেল মেরামত ও যন্ত্রাংশ বিক্রির দোকান রয়েছে। অমল রায় দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। আজ সকাল সাতটার দিকে বাড়িতে তিনি মারা যান।
ছেলের মৃত্যুতে শোভা রায় আহাজারি করছিলেন। অমলের মৃত্যুর এক ঘণ্টা পর সকাল আটটার দিকে ছেলের লাশের পাশেই মাটিতে ঢলে পড়েন তিনি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বয়ড়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ইমদাদুল হক বলেন, ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মা শোভা রায়ও মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। এক ঘণ্টার ব্যবধানে মা ও ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ধর্মীয় রীতি অনুযায়ী মা ও ছেলের শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে জানান তিনি।