আকবর আলী (৭০) একজন বীর মুক্তিযোদ্ধা। পক্ষাঘাত রোগে আক্রান্ত হয়ে চার বছর ধরে তিনি শয্যাশায়ী। অর্থনৈতিক দৈন্যের কারণে উন্নত চিকিৎসার অভাবে অমানবিক জীবনযাপন করছেন তিনি। তাঁর স্ত্রী আঙ্গুরী খাতুন লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে ২০১৫ সালের ১৬ ডিসেম্বর মারা যান।
এমন পরিস্থিতিতে চিকিৎসকসহ প্রয়োজনীয় ওষুধ ও খাদ্যসামগ্রী নিয়ে অসহায় এই বীর মুক্তিযোদ্ধার পাশে দাঁড়িয়েছেন নাটোরের গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তমাল হোসেন। দায়িত্ব নিয়েছেন তাঁর উন্নত চিকিৎসা ও একটি বীরনিবাস তৈরি করে দেওয়ার। প্রায় এক মাস ধরে ইউএনওর সহযোগিতায় চিকিৎসা চলছে এই বীর মুক্তিযোদ্ধার।
ভাঙা ভাঙা কণ্ঠে বীর মুক্তিযোদ্ধা আকবর আলী প্রথম আলোকে বলেন, ‘বঙ্গবন্ধুর ডাকে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। অথচ সেই মানুষটিকে পরিবারসহ হত্যার শিকার হতে হয়েছিল। এ শোক সইতে না পেরে ঘর ছেড়েছিলাম। এখন ছেলের সরকারি চাকরি হলেই শান্তি নিয়ে মরতে পারি।’
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার যোগেন্দ্রনগর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আকবর আলীর বাড়ি। তবে থাকেন ভাইয়ের বাড়িতে। কারণ, দেড় বিঘা ভিটাবাড়িতে দুটি টিনের চালাঘর থাকলেও দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে সেখানে বাস করার উপায় নেই। চার মেয়ে এবং এক ছেলে নিয়ে সংসার তাঁর। মেয়েরা স্বামীর ঘর করলেও একমাত্র ছেলে উজ্জ্বল হোসেন বেকার। বাবার ভাতায় জীবন চলে তাঁদের।
বীর মুক্তিযোদ্ধা আকবরের ছেলে উজ্জ্বল হোসেন জানান, ‘ঢাকা কলেজ থেকে ম্যানেজমেন্ট বিষয়ে মাস্টার্স করেছি (২০১৮)। পুলিশের উপপরিদর্শক (এসআই) ও প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা দিয়েও চাকরি মেলেনি। অংশগ্রহণ করেছিলাম ৩৮ ও ৪১তম বিসিএস পরীক্ষায়। সেটারও ফলাফল আসেনি। এখন পঙ্গু বাবার সেবা–শুশ্রূষায় দিন কাটছে। চার বিঘা জমি থাকলেও বাবার ভবঘুরে জীবনযাপনের কারণে ভাইবোনদের বড় করে বিয়ে আর তাঁর পড়ালেখার খরচ জোগাতে সেই জমি বিক্রি করেছিলেন মা। অবশেষে চিকিৎসার অভাবে মা মারা যান। এখন বাবার অবস্থাও শোচনীয়। এখন একটি চাকরি খুবই দরকার।’
বীর মুক্তিযোদ্ধা বাবার শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, মায়ের মৃত্যুর পর শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। তাঁর গলা ও মাজার রগ চিকন হয়ে গেছে। চলাফেরা করতে পারেন না, অন্যের সহযোগিতায় খাওয়ানো ও শৌচাগারে নিতে হয়। তাঁর চিকিৎসার জন্য মাসে ব্যয় হয় পাঁচ হাজার টাকা। খবর পেয়ে ইউএনও মো. তমাল হোসেন সম্প্রতি তাঁদের বাসায় এসেছিলেন। বাবার চিকিৎসার খরচসহ মাঝেমধ্যে নানা রকম সহযোগিতা দিয়ে যাচ্ছেন তিনি। করোনা পরিস্থিতির উন্নতি হলেই বাবাকে উন্নত চিকিৎসার জন্য ভালো হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাবেন ইউএনও স্যার।
গুরুদাসপুর মুক্তিযোদ্ধা কমান্ডার ফারুক হোসেন জানান, ৭ নম্বর সেক্টরে মুজিব বাহিনীর কমান্ডার নুরুজ্জামানের অধীনে পলাশডাঙ্গা ও মানকার চরে (ইন্ডিয়ায়) প্রশিক্ষণ নিয়েছেন বীর মুক্তিযোদ্ধা আকবর আলী। পরে বগুড়া, রংপুর, কুড়িগ্রাম ও সর্বশেষ নওগাঁয় বীর মুক্তিযোদ্ধা ম. ম আমজাদ হোসেনের অধীনে যুদ্ধ করেন তিনি। রাজশাহী কলেজে অনার্স পড়ার সময় মহান মুক্তিযুদ্ধে অংশ করেন তিনি। দেশ স্বাধীনের পর চাকরির চিন্তা না করে প্রত্যন্ত এলাকায় শিশুদের বিনা বেতনে শিক্ষা কার্যক্রমে জড়িয়ে পড়েন।
ইউএনও তমাল হোসেন বলেন, বীর মুক্তিযোদ্ধার অমানবিক জীবনযাপনের খবর পেয়ে হাসপাতালের একজন চিকিৎসককে নিয়ে তাঁর বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছেন তিনি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসহায়তা ও চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। তাঁকে সরকারি ‘বীর মুক্তিযোদ্ধা নিবাস’ বাড়ি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।