‘ছোট চাকরি করি, যেকোনো মুহূর্তে চলে যেতে পারে’
সারা দেশে লকডাউন ঘোষণার খবর শুনে কেউ কেউ জীবিকার তাগিদে রাজধানী ঢাকায় যাচ্ছেন। কেউ আবার লকডাউনের কারণে অস্থায়ী পেশা হারিয়ে ফিরছেন গ্রামের বাড়ি।
অফিস থেকে নির্দেশনা দিয়েছে লকডাউনের সময় কর্মস্থল এলাকায় থাকতে হবে। কিছুদিন আগে পারিবারিক কাজে গ্রামের বাড়ি নড়াইলে যাওয়া মো. আলাউদ্দিন তাই ঢাকায় ফিরছেন। বেশি ভাড়া দিয়ে একটি মাহেন্দ্রতে করে গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে পৌঁছান। আশপাশের জেলা থেকে রাজধানী ঢাকায় সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হলেও সোমবারের আগেই চাকরি বাঁচাতে ঢাকায় ফিরতে হবে তাঁকে।
সরকারি একটি প্রতিষ্ঠানে কর্মচারী হিসেবে কাজ করেন আলাউদ্দিন। আজ শনিবার দৌলতদিয়া ঘাটে তিনি বলছিলেন, ‘ছোট চাকরি করি, যেকোনো মুহূর্তে চলে যেতে পারে।’ তাই নদী পাড়ি দিয়ে পাটুরিয়া থেকে যেভাবেই হোক ঢাকায় পৌঁছাতে হবে।
দৌলতদিয়া ঘাটে পারাপার হওয়া বেশ কয়েকজনের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। তাঁদের মধ্যে কয়েকজন ছিলেন যাঁরা জীবিকার তাগিদে ঢাকায় যাচ্ছেন আবার কেউ লকডাউনের কারণে অস্থায়ী পেশা হারিয়ে গ্রামের বাড়ি ফিরছেন।
এমনই একজন খুলনার বটিয়াপাড়ার আসমারুল মনা। তিনি ঢাকার ধামরাইয়ের কাওরাপাড়ার একটি রেস্তোরাঁয় বাবুর্চির কাজ করতেন। আজ শনিবার সকালে রেস্তোরাঁর মালিক জানিয়ে দিয়েছেন, লকডাউনের কারণে রেস্তোরাঁ বন্ধ থাকবে। সে সময় কাজ না করিয়ে বেতন দেওয়া সম্ভব না।
আসমারুল বলেন, ‘মালিক বলেছেন, আপনারা বাড়ি চলে যান। তাই সকালে তিনি বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ফিরোজ শেখ জানিয়েছেন, দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ছোট-বড় মিলে ১৪টি ফেরি চলাচল করছে। পণ্যবাহী গাড়ি পারাপার হচ্ছে বেশি। এ ছাড়া সোমবার থেকে কঠোর লকডাউনের কথা শুনে অনেকে বিভিন্ন গন্তব্যে ছুটছেন।
মানিকগঞ্জ শহরে আসবাবপত্র তৈরির কাজ করেন এনামুল হক। ঢাকাকে বিচ্ছিন্ন করতে কয়েক দিন আগে থেকেই এ জেলায় শুরু হয় লকডাউন। তখন থেকেই কাজ বন্ধ এনামুলের। সোমবার থেকে কঠোর লকডাউনের কথা শুনে এবার তাই মাগুরায় গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন।
শনিবার দুপুরে দৌলতদিয়া ঘাটে আলাপকালে এনামুল হক বলেন, কাজ বন্ধ থাকায় হাতে টাকা নেই। মানিকগঞ্জ থেকে কয়েক দফায় যানবাহন বদলে দৌলতদিয়া পর্যন্ত আসেন। এতে খরচ হয় ৪০০ টাকা। নদী পার হয়ে বাকি পথ কীভাবে যাবেন আপাতত সে চিন্তা তাঁর। বাড়ি যাওয়ার পর সংসার চালানোর চিন্তা তো আছেই।