ছোট জিরিয়ার জীবন পাওয়ার গল্প
বেলা ১১টা। ২৩ ডিসেম্বর। রাজশাহীর পদ্মা নদীতে তখনো হালকা কুয়াশা। পদ্মা পার হয়ে নৌকা যাবে চরখিদিরপুর। নৌকায় বসে মেহেদী হাসান ক্যামেরা তাক করলেন।
লেন্সে ধরা পড়ল দুটি পাখি। মনে হলো দুটি পাখিই জালে ঝুলে আছে। মেহেদী আরেকবার চেষ্টা করলেন। তাঁর মনে হলো একটি পাখি নড়াচড়া করছে। মানে জীবিত আছে।
আর কোনো ছবি তোলা নয়। তখন নৌকা পাখির অবস্থান থেকে ৫০ ফুট দূরে। নৌকা আরেকটু কাছে এগিয়ে নিয়ে মেহেদী পানিতে নেমে পড়লেন। তিনি শুনেছেন, পদ্মা নদীতে কারেন্ট জাল ও বিষটোপ দিয়ে পাখি মারা হয়। তিনি আর দেরি করলেন না। গত বছরও বিষটোপ দিয়ে রাজশাহীর পদ্মা নদীতে চখাচখি মারার খবর পত্রিকায় পড়েছেন।
কাছে গিয়ে মেহেদী হাসান দেখলেন, চরের বীজতলা ঘিরে দেওয়া কারেন্ট জালে ঝুলে থাকা দুটি পাখির একটি নদীটিটি। এর ইংরেজি নাম River Lapwing। আরেকটি ছোট ধুলজিরিয়া। এর ইংরেজি নাম Lesser sand Plover। তখন টিটির দেহে আর প্রাণ নেই।
তবে ছোট ধুলজিরিয়াটি একটু থেমে থেমে নড়ছিল। জালে জড়ানো পাখিটিকে মুক্ত করার মতো কোনো অস্ত্র মেহেদীর হাতে ছিল না। তিনি দীর্ঘক্ষণ ধরে কারেন্ট জাল থেকে পাখিটিকে মুক্ত করার চেষ্টা করেন।
পাখিটিকে মুক্ত করতে মেহেদীর অনেক সময় গেলে যায়। পাখা থেকে জাল কিছুতেই ছাড়ানো যাচ্ছিল না। তিনি ভয় পাচ্ছিলেন পাখিটাকে শেষ পর্যন্ত জীবিত উদ্ধার করতে পারেন কি না। একপর্যায়ে তিনি জাল থেকে পাখিটিকে মুক্ত করেন। তখন পাখিটি আর উড়তে পারে না। তার পাখায় কাদাপানি লেগে গেছে। সে দুর্বল হয়ে গেছে। হয়তো রাতের কোনো এক সময় সে জালে আটকা পড়েছিল।
মেহেদী হাসান বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী। বাড়ি পটুয়াখালীতে। তাঁর নেশা পাখির ফটোগ্রাফি করা। পাখির টানেই এসেছিলেন রাজশাহীর পদ্মা নদীতে। জানালেন, তিনি একটু সময় পাখিটির শুশ্রূষা করলেন। পাখা থেকে কাদাপানি মুছে দিলেন। এবার হাতের ওপরে নিলেন, তবু সে উড়তে পারে না। ক্যামেরার ওপরে বসিয়ে রাখলেন। তবু পাখিটি ওড়ে না। মেহেদী পাখিটিকে অনেকক্ষণ রোদে ধরে রাখলেন। এবার তাকে উড়িয়ে দিলেন, কিন্তু খানিক দূরে গিয়েই পাখিটা পানিতে পড়ে গেল। তিনি পানি থেকে পাখিটিকে তুলতে ছুটে গেলেন। তাকে কাছে যেতে দেখেই ছোট ধুলজিরিয়া উড়াল দিল। চলে গেল তাঁর দৃষ্টিসীমানার বাইরে।
বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম আল হক বলেন, ছোট ধুলজিরিয়া পরিযায়ী পাখি। প্রজননের জন্য এরা সাইবেরিয়ায় যায়। পরে আবার বাংলাদেশে ফিরে আসে।