ছোট ভাইকে ফাঁসাতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বপ্ন খাতুন
ছবি: সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলার বসতবাড়ি দখল নিয়ে ছোট ভাইকে ফাঁসাতে স্ত্রী স্বপ্ন খাতুনকে (৩৮) হত্যার অভিযোগে তাঁর স্বামী বাহেচ আলীকে (৪০) আটক করেছে পুলিশ। শুক্রবার রাত তিনটার দিকে উপজেলার সদর ইউনিয়নের চালাপাড়া গ্রামে ধারালো অস্ত্রের আঘাতে ওই গৃহবধূর মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চালাপাড়া গ্রামের মৃত মোতরাজ সেখের দুই ছেলে বাহেচ আলী ও বেলাল হোসেনের মধ্যে বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলছে। এই বিরোধের জেরে মাদকাসক্ত বাহেচ আলী তাঁর ছোট ভাই পোশাকশ্রমিক বেলাল হোসেনকে মারধর করেন। কয়েক দফায় মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করেন। কিন্তু কোনোভাবেই সফল হতে পারেননি বাহেচ আলী। শুক্রবার রাত তিনটার দিকে বাহেচ আলী মাদকাসক্ত অবস্থায় বাড়িতে ফেরেন। তাঁর স্ত্রী স্বপ্ন খাতুনকে ঘুম থেকে ডেকে তুলে ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করে বাহেচ আলী চিৎকার শুরু করেন এবং বলতে থাকেন তাঁর ছোট ভাই বেলাল হোসেন এই ঘটনা ঘটিয়েছেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে স্বপ্ন খাতুনকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাহেচ আলীর চাচা মতিউর রহমান বলেন, ‘বাহেচ আলীর চিৎকারে ঘুম থেকে জেগে দৌড়ে ঘটনাস্থলে যাই। এ সময় বাহেচ আলী জানায়, তাঁর স্ত্রীকে বেলাল হত্যা করেছে। পরে দৌড়ে বেলালের ঘরে গিয়ে দেখি, সে সপরিবারে ঘুমিয়ে আছে। ধারণা করা হচ্ছে, বাড়ির জমিজমা নিয়ে বিরোধের জেরে ছোট ভাই বেলালকে ফাঁসানোর জন্যই মাদকাসক্ত বাহেচ আলী পরিকল্পনা করে তাঁর স্ত্রীকে হত্যা করেছে। এর আগেও বাহেচ আলী তাঁর ছোট ভাই বেলালকে মারধর করে অনেকবার মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করেছে।’

নিহত স্বপ্ন খাতুন ও তাঁর ছোট মেয়ে হোসনেয়ারা খাতুন একই ঘরে ঘুমিয়ে ছিলেন। হোসনেয়ারা প্রথম আলোকে বলেন, ‘বাবা রাত তিনটার দিকে বাড়িতে এসে ঘর থেকে মাকে ডেকে নিয়ে যায়। কিছু সময় পর চিৎকার করে বলে, তোর চাচা বেলাল তোর মাকে খুন করেছে। পরে দেখি মা রক্তাক্ত অবস্থা পড়ে আছে, কোনো কথা সে বলতে পারছে না।’

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপাসিন্ধুবালা বলেন, ধারালো অস্ত্রের আঘাতে স্বপ্ন খাতুনকে হত্যা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহত স্বপ্নর স্বামী বাহেচ আলীকে আটক করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।