ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইয়ের ফাঁসি
ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক আজ বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন।
সাজা পাওয়া বড় ভাইয়ের নাম তানজির আহমেদ (৩৫)। তিনি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ভগবানপুর গ্রামের সাবু মিয়ার ছেলে। রায় ঘোষণার সময় তানজির আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ বলেন, ছোট ভাই সাগর সরকার ওরফে শাওন আহমেদের (৩২) স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তানজির। এর জেরে ছোট ভাইকে হত্যা করেন তিনি। এই হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে তাঁকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন বিচারক।
মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা যায়, ২০২০ সালের ৬ জানুয়ারি রাতে ভগবানপুরে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন সাগর সরকার। রাতে বাড়ি না ফেরায় স্বজনেরা খোঁজাখুঁজি করতে থাকেন। পরদিন সকালে একই গ্রামের একটি পুকুরপাড়ে ও বায়োগ্যাস প্ল্যান্টের গোবরের হাউসে রক্ত দেখতে পেয়ে স্থানীয় লোকজন তল্লাশি করে সাগরের মরদেহ উদ্ধার করেন। তাঁকে হত্যা করে বস্তায় ঢুকিয়ে ইট বেঁধে ডুবিয়ে রাখা হয়।
পরে এ ঘটনায় নিহতের বড় ভাই বেনজীর আহমেদ বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন। তদন্তের একপর্যায়ে সাগরের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার কথা এবং ভাইকে হত্যার কথা স্বীকার করেন তানজির।