ছোট ভাইয়ের খোঁজে দেড় মাস ধরে ছুটছেন বড় ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিখোঁজ তরুণ মামুন সর্দ্দার
ছবি: সংগৃহীত

হঠাৎ একদিন সকালে বাড়ি থেকে বের হয়ে যান তরুণ মামুন সর্দ্দার (২৬)। পরিবারের সদস্যরা মনে করেছিলেন পাড়া–মহল্লা বেড়িয়ে বাড়িতে ফিরবেন। কিন্তু দেড় মাসের বেশি সময় পেরিয়ে গেছে। মামুন আর বাড়ি ফেরেননি।

মামুনের নিখোঁজ হওয়ার ঘটনায় কুষ্টিয়ার মিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তাঁর পরিবার। যেখানে মামুনের খোঁজ পাওয়ার কথা শুনছেন, সেখানেই ছুটে যাচ্ছেন বড় ভাই সুমন সর্দ্দার। কিন্তু সেখানে গিয়ে ভাইয়ের দেখা পাচ্ছেন না।

মামুনের পরিবার ও মিরপুর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মামুনেরা দুই ভাই ও এক বোন। তাঁদের বাড়ি মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে। মামুন ছোটবেলা থেকেই বুদ্ধিপ্রতিবন্ধী। তবে কেউ কোনো কিছু চাইলে তা সঠিকভাবে দিতে পারেন।

গত ১৭ এপ্রিল সকাল নয়টার দিকে বাড়ি থেকে বের হন মামুন। এরপর আর ফিরে আসেননি। সম্ভাব্য সব জায়গায় মামুনকে খোঁজা হয়। কোথাও না পেয়ে গত ২ মে মিরপুর থানায় জিডি করেন সুমন। বাড়ি থেকে বের হওয়ার সময় মামুনের পরনে অফহোয়াইট রঙের পাঞ্জাবি ছিল। ৪ ফুট ৮ ইঞ্চি উচ্চতার মামুনের মুখমণ্ডল গোলাকার। মাথার চুল ছোট।

আজ শনিবার দুপুরে সুমন সর্দ্দার বলেন, বিভিন্ন এলাকা থেকে ছোট ভাইকে পাওয়া গেছে বলে ফোন পান। কিন্তু সেখানে গিয়ে তাঁর ভাইকে পান না। এভাবে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েছেন। তবুও ভাইকে ফিরে পাওয়ার আশা ছাড়েননি। পুলিশও কয়েকবার কয়েকজনকে নিয়ে আসে। কিন্তু চেহারায় মেলে না। মামুন কানে শুনতে পান। তবে কথা তেমন বলতে পারেন না। দূরে চলে গেলে আর বাড়ি চিনতে পারেন না।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, মামুনকে খুঁজে বের করতে দেশের বিভিন্ন থানায় তাঁর ছবিসহ বার্তা পাঠানো হয়েছে। পুলিশ এটা নিয়ে কাজ করছে।