ছোট ভাইয়ের পর করোনার উপসর্গ নিয়ে বড় ভাইয়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় করোনার উপসর্গ নিয়ে ছোট ভাইয়ের মৃত্যুর পাঁচ দিন পর এবার বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে পিরোজপুর শহরের একটি হাসপাতালের আইসোলেশন ইউনিটে তাঁর মৃত্যু হয়।

মারা যাওয়া ওই ব্যক্তির নাম সুনীল দাস (৬৫)। তাঁর বাড়ি ইন্দুরকানি উপজেলার চারাখালী গ্রামে। তিনি পল্লি চিকিৎসক ছিলেন।

পরিবার ও হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় সুনীল দাস জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে পিরোজপুর শহরের আম্বিয়া হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হন। রাত সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়। এরপর ইন্দুরকানি থানা–পুলিশ রাতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন করে। গত বৃহস্পতিবার সুনীল দাসের ছোট ভাই নির্মল দাস করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

পিরোজপুরের সিভিল সার্জন মো. হাসনাত ইউসুফ বলেন, করোনার উপসর্গ নিয়ে সুনীল দাসের মৃত্যু হয়েছে। তাঁর ছোট ভাই করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ার পর গত রোববার পরিবারের অন্য সদস্যসহ সুনীলেরও নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে সেই নমুনা পরীক্ষার ফল এখনো পাওয়া যায়নি।