ছোট ভাইয়ের লাঠির আঘাতে মৃত্যু, আটক ৫
মায়ের জমির ভোগদখল নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন অপর সাতজন।
আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে নাটোরের লালপুর উপজেলার আটটিকা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।
মারা যাওয়া ব্যক্তির নাম জান আলী (৫০)। এ ঘটনায় অভিযুক্ত তাঁর ছোট ভাই হলেন আনছার আলী (৪৭)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আটটিকা গ্রামের মৃত মফিজ উদ্দিনের দুই স্ত্রী। প্রথম স্ত্রীর পাঁচ ছেলে। প্রথম স্ত্রীর জমির ভোগদখল নিয়ে পাঁচ ছেলেমেয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আজ দুপুরে সেই জমি নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে ছোট ভাই আনছার আলীর লাঠির আঘাতে গুরুতর আহত হন তাঁর বড় ভাই জান আলী। এ সময় আহত হয়েছেন অপর সাতজন। প্রতিবেশীরা গুরুতর আহত জান আলীকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিদের একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে অভিযুক্ত আনছার আলী (৪৮), তাঁর ছেলে মতিউর রহমান (৩০), মামুন হোসেন (১৮), আশিক হোসেন (১৭) ও ভাতিজা রায়হান আলীকে (৩২) আটক করে থানায় নেয় পুলিশ। বর্তমানে আহত এমরান আলী (২৮) ও শামীমা খাতুন (৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে মৌখিক অভিযোগের ভিত্তিতে পাঁচজনকে আটক করা হয়েছে। নিহত ব্যক্তি একজন ভ্যানচালক ছিলেন। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়।