ছোট্ট গ্রামে মনজুড়ানো পার্ক

নীলফামারীর কিশোরগঞ্জের বাফলা গ্রামের ফুলচাষি গোপীনাথ রায় পার্ক গড়ে তুলেছেন। ফুলের বাগানের মধ্যে এটি গড়ে তোলা হয়েছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাফলা গ্রামে গোপীনাথের পার্ক
ছবি: প্রথম আলো

‘একসময় গ্রামের মানুষ আমাকে পাগল বলত, আমার নাকি খেয়ে কাজ নেই, তাই এগুলো করছি। আমার শ্বশুর বলেছিলেন, “বাগান করলে অল্প করে করো, বাকি জমিতে তরিতরকারি করো, তাতে লাভ হবে।” আমি কারও কথা শুনি নাই। এখন সবাই বলছেন, কাজটা নাকি ভালো হয়েছে।’

কথাগুলো নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডি ইউনিয়নের বাফলা গ্রামের ফুলচাষি গোপীনাথ রায়ের। অজপাড়াগায়ের এ উদ্যোক্তা শুধু ফুলের বাগানই নয়, গড়ে তুলেছেন একটি ছোট পার্ক। নানা ফুল ও ফলের গাছ লাগানো এ পার্কে এখন অনেকে বেড়াতে আসেন। উপভোগ করেন এ পার্কের মনোরম দৃশ্য।

গত মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়, প্রায় দুই একর জমিতে ফুলবাগান ও পার্ক করেছেন কৃষক গোপীনাথ রায়। তাঁর বাগানে শোভা পাচ্ছে গাঁদা, রজনীগন্ধা, গোলাপ, চন্দ্রমল্লিকা, জারবেরা, জিনিয়া, ডালিয়া, কসমসসহ প্রায় ৭৫ প্রজাতির ফুল। বাগানের মধ্যে ছোট্ট পরিসরে তিনি গড়ে তুলেছেন পার্ক। বাঁশ ও গাছের ডালপালা নানা কৌশলে বড় করে করছেন দৃষ্টিনন্দন। এখানে রয়েছে বসার ব্যবস্থা। পুকুরে ছাড়া হয়েছে বিভিন্ন প্রজাতির মাছের পোনা।

কৃষক গোপীনাথের ফুলবাগান দেখতে প্রতিদিন নীলফামারী ছাড়াও আশপাশের এলাকার মানুষ আসেন। এ ছাড়া লোকজন বিভিন্ন জাতীয় দিবস ছাড়াও বিয়ে, জন্মদিনের অনুষ্ঠানের জন্য ফুল কেনেন গোপীনাথের বাগান থেকে। প্রতিদিন দেড় থেকে দুই হাজার টাকার ফুল বিক্রি হয় তাঁর বাগানে। বিনোদনের জন্য আসা দর্শনার্থীদের কাছ থেকে নেওয়া হয় জনপ্রতি ১০ টাকা। প্রতি মাসে গোপীনাথ এ বাগান ও পার্ক থেকে ৪৫ হাজার টাকা আয় করেন।

পরিবার নিয়ে রংপুর শহর থেকে বেড়াতে আসা সাব্বির হাসান (৫৫) বলেন, ‘রংপুরে বিনোদনের জন্য অনেক বিনোদনকেন্দ্র রয়েছে। কিন্তু প্রত্যন্ত গ্রামে একজন কৃষক যে উদ্যোগ নিয়েছেন, এটা প্রশংসার দাবি রাখে। অনেক দিন থেকে শুনে আসছি, কিশোরগঞ্জে একটি বাগান করেছেন একজন কৃষক, সেটি দেখে ভালো লাগল। গ্রামীণ পরিবেশে কিছু ভালো সময় কাটানো গেল।’

বাগানে বেড়াতে আসা কলেজছাত্রী সুমাইয়া আক্তার বলেন, ‘অনেকবার শুনেছি, কিন্তু এর আগে এখানে আসা হয়নি। আজ এসে খুব ভালো লাগল। বড় বড় পর্যটনকেন্দ্রে সবার যাওয়ার সামর্থ্য থাকে না। সেদিক বিবেচনায় এটা মন্দ না।’

গোপীনাথ রায়ের ছেলে দিপু রায় বলেন, ‘বাবা, মা, আমি, আমার স্ত্রী—সবাই মিলে এখানে সময় দিচ্ছি। আমাদের আর অন্য কোনো কাজ নেই। গাছের পরিচর্যা থেকে শুরু করে বাগান দেখাশোনা—সবই আমরা নিজেরাই করি। এই বাগানের আয়ে আমাদের সংসারের খরচ চলে।’

দিপু রায় আরও বলেন, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, জাতীয় শোক দিবস, শিশু দিবস ছাড়াও নানা অনুষ্ঠানের জন্য আশপাশের মানুষ এখান থেকে ফুল কিনে নিয়ে যান। এর বাইরে দুই ঈদ, ভালোবাসা দিবস, পয়লা বৈশাখে এখানে মানুষের ভিড় থাকে।

কৃষক গোপীনাথ রায় বলেন, ‘আগে আমি ধানের চারার ব্যবসা করতাম, কিন্তু সেটি মৌসুমি ব্যবসা ছিল। আমি চিন্তা করলাম, মানুষকে কীভাবে আকৃষ্ট করা যায়। একপর্যায়ে ২০০৪ সালে আমি ফুলের নার্সারি করার উদ্যোগ নেই। ১৪ শতক জমিতে ২৫ প্রকার ফুলের চাষ শুরু করি। ধীরে ধীরে বাগান আয়তনে বেড়েছে। এখন ৬ বিঘা জমি নিয়ে বাগান ও পার্ক।

কিশোরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তুষার কান্তি রায় বলেন, ‘কৃষক গোপীনাথকে আমরা কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছি।’