ছোট্ট শিশুটির লাশ পাওয়া গেল খাটের নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

পাঁচ বছরের ছোট্ট মেয়ে শিশুটি। তাকে নিয়েই চারতলা বাসার একটি কক্ষে ভাড়া থাকেন পোশাকশ্রমিক মা। প্রতিদিনের মতো আজ রোববার তাকে বাসায় রেখেই কাজে যান তিনি। দুপুর ১২টার দিকে বাসায় ফিরে শিশুটিকে কোথাও খুঁজে পাচ্ছিলেন না মা। দুপুর গড়িয়ে বিকেল হয়, তরীর খোঁজ নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে প্রাণহীন তাকে খুঁজে পান খাটের নিচে।

ঘটনাটি চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ধর্ষণচেষ্টার পর শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়।

ঘটনাস্থল থেকে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) আবু বক্কর সিদ্দিক প্রথম আলোকে বলেন, শিশুটির মা পোশাকশ্রমিক। জন্মের পরই শিশুটির বাবা তাঁদের ছেড়ে চলে যান। চারতলা বাসার একটি কক্ষে তাঁরা ভাড়া থাকেন। আজ সকালে শিশুটিকে বাসায় রেখে তার মা কাজে যান। সেখান থেকে ফিরে এসে দেখেন শিশুটি বাসায় নেই। অনেক খোঁজাখুঁজির পর খাটের নিচ থেকে বিকেলে শিশুটির লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

পুলিশ কর্মকর্তা আবু বক্কর বলেন, শিশুটির গলায় গেঞ্জি প্যাঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। শিশুটিকে ধর্ষণচেষ্টার পর হত্যা করা হতে পারে। ধর্ষক পূর্বপরিচিত হওয়ায় শিশুটি চিনে ফেলতে পারে, এই শঙ্কায় খুন করা হতে পারে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে।