ছোট্ট মঞ্চে ফুটে উঠল দেশভাগের একখণ্ড ইতিহাস
১৯৪৭ সাল। ভারতবর্ষ দ্বিখণ্ডিত, তবে স্বাধীন। মানুষে মানুষে বহু শতাব্দীর বন্ধন, ভাষা ও সংস্কৃতি ইতিহাস এবং ঐতিহ্যের ঐক্য ছিন্নভিন্ন। আমার বাড়ি, তোমার বাড়ি সব আলাদা। নতুন সম্পর্কের সন্ধানে দিশেহারা মানুষ ছুটছে বাংলার এপারে-ওপারে।
ভারতীয় উপমহাদেশের ইতিহাসের অন্যতম ঘটনা দেশভাগের এই কাহিনি গতকাল রোববার ফুটে উঠল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের মঞ্চে। কলকাতার বিশিষ্ট নাট্যকার মনোজ মিত্র এই কাহিনি চিত্রায়িত করেছেন তাঁর জাদুবংশ নাটকের মাধ্যমে। বাংলাদেশ-ভারত মৈত্রী নাট্যোৎসব উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় জাদুবংশ মঞ্চায়ন করল কলকাতার নাট্যদল সুন্দরম। মিলনায়তনের ছোট্ট মঞ্চে ফুটে উঠল দেশভাগের একখণ্ড ইতিহাস।
এর আগে উৎসবের পঞ্চম দিনে গতকাল বিকেল পাঁচটায় একই মঞ্চে মঞ্চস্থ করা হয় বিখ্যাত ঔপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাস অবলম্বনে নির্মিত নাটক কবি। এটির নাট্যরূপ ও নির্দেশনায় ছিলেন ইউসুফ হাসান।