ছড়ায় ভেসে আসা অজগর উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বুধবার সকালে একটি অজগর উদ্ধার হয়েছে। উপজেলার ভাড়াউড়া চা–বাগান থেকে সাপটি উদ্ধার করেন স্ট্যান্ড ফর আওয়ার এনডেনজারড ওয়াইল্ডলাইফ নামের একটি সংগঠনের সদস্যরা।

সংগঠন সূত্রে জানা গেছে, অজগরটি অল্প বয়সী। এটি ভাড়াউড়া চা-বাগানের কারখানাসংলগ্ন পাহাড়ি ছড়া দিয়ে ভেসে আসে। সংগঠনটির সদস্য কাজল হাজরা প্রথমে এটির সন্ধান পান। তিনি সংগঠনের সমন্বয়ক খোকন থৌনাউজামকে সকালে বিষয়টি জানান। এরপর সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন। পরে বন বিভাগের সঙ্গে কথা বলেন তাঁরা। বন বিভাগের পরামর্শে প্রাণীটি আপাতত সংগঠনের রেসকিউ সেন্টারে রাখা হয়েছে।

স্ট্যান্ড ফর আওয়ার এনডেনজারড ওয়াইল্ডলাইফের সমন্বয়ক খোকন থৌনাউজাম প্রথম আলোকে বলেন, ভাড়াউড়া চা-বাগানের কারখানাসংলগ্ন ছড়ার একটি অংশ লাউয়াছড়ার ভেতরে পড়েছে। তাঁদের ধারণা, লাউয়াছড়া থেকেই অজগরটি বৃষ্টির পানিতে ভেসে এসেছে। উদ্ধার হওয়া অজগরটি অল্প বয়সী। বন বিভাগের সঙ্গে পরামর্শ করে তাঁরা অজগরটি তাঁদের রেসকিউ সেন্টারে রেখেছেন। শিগগিরই বন বিভাগের মাধ্যমে অজগরটি বনে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।