রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত তিন বছরে ছয়টি নতুন বিভাগ চালু হয়েছে, খোলার অপেক্ষায় আছে আরও নয়টি। তবে শিক্ষকের অভাবে এসব বিভাগে পাঠদান ব্যাহত হচ্ছে।
নতুন বিভাগগুলোতে অন্য বিভাগ থেকে শিক্ষক এনে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। ২০১৪-১৫ শিক্ষাবর্ষে খোলা বিভাগ দুটিতে পাঁচজন শিক্ষক নিয়োগ হলেও ২০১৫-১৬ শিক্ষাবর্ষে খোলা বিভাগগুলোতে কোনো শিক্ষক নিয়োগ হয়নি। ফলে দায়িত্বপ্রাপ্ত সভাপতি নিজে এবং অন্য বিভাগ থেকে শিক্ষক এনে ক্লাস করাচ্ছেন। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি হলে এই বিভাগগুলোতে দুটি ব্যাচ হবে। তখন সভাপতির পক্ষে ক্লাস চালানো কঠিন হয়ে যাবে।
নতুন বিভাগের কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী জানান, একটি বা দুটি করে ব্যাচ থাকায় শ্রেণিকক্ষ নিয়ে তেমন সংকটে পড়তে হয়নি। তবে এখনো সেমিনার, গ্রন্থাগার, গবেষণাগার ও মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষের সুবিধা গড়ে ওঠেনি।
২০১৪-১৫ শিক্ষাবর্ষের আগে সর্বশেষ ২০০৫ সালে একটি বিভাগ খোলা হয়েছিল। দীর্ঘদিন পর ২০১৪-১৫ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এবং ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগ খোলা হয়। ২০১৫-১৬ শিক্ষাবর্ষে খোলা হয়েছে আরও চারটি নতুন বিভাগ। এগুলো হচ্ছে আইন অনুষদের অধীনে আইন ও ভূমি প্রশাসন, বিজ্ঞান অনুষদের অধীনে শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের অধীন চিকিৎসা মনোবিজ্ঞান এবং প্রকৌশল অনুষদের অধীনে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই)।
আগে চারুকলা একটি বিভাগ থাকলেও ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে তা অনুষদ হয়। এর অধীনে চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র, মৃৎশিল্প ও ভাস্কর্য এবং গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস নামে তিনটি আলাদা বিভাগ খোলা হয়। চারুকলা বিভাগের শিক্ষকেরা এই বিভাগগুলোতে ভাগ হয়ে যাওয়ায় এখানে শিক্ষকের সংকট নেই।
গত তিন বছরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে স্নাতক সম্মান শ্রেণি চালু করা হয়েছে। ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজেজ নামে চালু হয়েছে একটি ইনস্টিটিউট।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, অণুজীববিদ্যা, মৃত্তিকাবিজ্ঞান, উদ্যানবিদ্যা, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান প্রযুক্তি, ব্যবসা ও বাণিজ্য আইন, আন্তর্জাতিক ও তুলনামূলক আইন, ব্যক্তি আইন ও সমাজ, সিভিল ইঞ্জিনিয়ারিং, পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা নামে আরও নয়টি বিভাগ খোলার চেষ্টা রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের। এগুলো ইউজিসির অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক তিনজন অধ্যাপক প্রথম আলোকে বলেন, নতুন বিভাগগুলোর মধ্যে কিছু কিছু বিভাগ খোলার চাহিদা ও প্রয়োজনীয়তা থাকলেও কিছু বিভাগ খোলার দরকারই নেই। নতুন বিভাগুলোর মধ্যে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ চালুর প্রতিবাদে বিক্ষোভ, মানবন্ধন ও ক্লাস বর্জন করেছিলেন ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (এপিইই) বিভাগের শিক্ষার্থীরা। তাঁদের দাবি ছিল, প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর ইইই বিভাগে যে কারিকুলাম পড়ানো হয়, তাঁদেরও সেই কারিকুলামেই পড়ানো হয়। তাঁদের সিলেবাসের ১০ শতাংশ ফলিত পদার্থবিজ্ঞানের আর বাকি ৯০ শতাংশই ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের। এমন অবস্থায় একই বিশ্ববিদ্যালয়ে ইইই বিভাগ খোলা হলে তা হবে সাংঘর্ষিক।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ অধ্যাপক বলেন, ‘যে বিভাগগুলো প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে ভূরি ভূরি, সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খোলার প্রয়োজন ছিল বলে মনে হয় না।’ তবে উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলছেন, সবগুলোরই প্রয়োজন আছে। নতুন নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে। তাই নতুন বিভাগ খোলা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ সূত্রে জানা গেছে, ভূমি প্রশাসন খাতে দক্ষ জনবল তৈরির জন্য এ বিষয়ে একটি অনুষদ খোলার চাহিদা ছিল সরকারের পক্ষ থেকে। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনুষদ না খুলে আইন অনুষদের অধীনে আইন ও ভূমি প্রশাসন বিভাগ খোলার প্রস্তাব দেওয়া হয় ইউজিসিকে। ইউজিসি বিভাগটি অনুমোদন করে।
তবে নতুন বিভাগগুলোতে শিক্ষক নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের চাহিদার পরিপ্রেক্ষিতে নতুন পদের অনুমোদন দিচ্ছে না ইউজিসি। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি অধ্যাপক আবুল কাশেম জানান, তাঁর বিভাগে বর্তমানে তিনিসহ তিনজন শিক্ষক। নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি হলে তিনটি ব্যাচ হবে। তখন তিনজন শিক্ষক দিয়ে এতগুলো কোর্স পড়ানো অসম্ভব হয়ে যাবে।
আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক বিশ্বজিৎ চন্দ জানান, এই বিভাগে সভাপতির পাশাপাশি আইন বিভাগ থেকে দুজন শিক্ষক নিয়ে আসা হয়েছে। খণ্ডকালীন ক্লাস নেন আরও দুজন। ইউজিসির অনুমোদন পেলে স্থায়ী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।