ছয় বছর পর সম্মেলন আজ

  • ২১ মার্চ জেলা বিএনপির সম্মেলন হওয়ার কথা ছিল। এতে শীর্ষ তিন পদে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়।

  • এক দিন আগে ২০ মার্চ হঠাৎ করেই কেন্দ্র থেকে সম্মেলন স্থগিত করা হয়।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ছয় বছর পর সিলেট জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল আজ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে সরাসরি ভোটে কাউন্সিলররা সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন করবেন। এসব পদে নির্বাচিত হতে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

২১ মার্চ জেলা বিএনপির সম্মেলন হওয়ার কথা ছিল। এ সম্মেলনে শীর্ষ তিন পদে সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচনের ঘোষণা দেওয়া হয়। ৩ পদে ১৩ নেতা মনোনয়ন ফরম জমা দেন। সভাপতি পদে প্রার্থী হন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী ও যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।

এ সম্মেলনে শীর্ষ তিন পদে সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচনের ঘোষণা দেওয়া হয়। তিন পদে ১৩ নেতা মনোনয়ন ফরম জমা দেন।

তবে এক দিন আগে ২০ মার্চ হঠাৎ করেই কেন্দ্র থেকে সম্মেলন স্থগিত করা হয়। সম্মেলনের ভোটার তালিকা প্রস্তুতে ‘অনিয়ম’ হয়েছে বলে তখন কেন্দ্র থেকে জানানো হয়। এরপর ২২ মার্চ দুপুরে সংবাদ সম্মেলন করে মেয়র আরিফুল ‘কেন্দ্রের নির্দেশে’ প্রার্থিতা থেকে সরে দাঁড়ান। ওই রাতেই জেলা বিএনপি কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে জরুরি সভা ডেকে চলতি মাসেই সম্মেলন আয়োজনের পুনঃসিদ্ধান্ত নেয়।

সিলেট বিএনপির একাধিক নেতা-কর্মী জানান, এখন দলের বড় একটি অংশের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির। দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন কমিটির বেশির ভাগ নেতা তাঁর বলয়ের। এর বাইরে আরেকটি অংশের নেতৃত্বে আছেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। মুক্তাদিরের আধিপত্য কমাতেই আরিফুল জেলা বিএনপির সভাপতি পদে প্রার্থী হয়েছিলেন।

আরিফুল প্রার্থী হওয়ার পরপরই বিএনপির বহুধাবিভক্ত স্থানীয় রাজনীতিতে মূলত উত্তাপ ছড়ায়। আরিফুলের জয়ের ব্যাপারেও অনেকে আশাবাদী হয়ে ওঠেন। এরপর আরিফুলকে ঠেকাতে শুরু হয় তাঁর প্রতিপক্ষ নেতাদের নানামুখী তৎপরতা। শেষ পর্যন্ত ‘কেন্দ্রের নির্দেশে’ আরিফুল প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এখন আবুল কাহের ও আবদুল কাইয়ুম সভাপতি পদে প্রার্থী হিসেবে আছেন। এর মধ্যে আবুল কাহের মুক্তাদির বলয়ের নেতা হিসেবে পরিচিত। অন্যদিকে কাইয়ুম বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলী বলয়ের হিসেবে পরিচিত।

নাম প্রকাশ না করার শর্তে জেলা বিএনপির এক নেতা বলেন, আরিফুল প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় সম্মেলন ঘিরে তৈরি হওয়া উচ্ছ্বাস ও উত্তেজনা অনেকটাই কমে গেছে। তবে এখন আবুল কাহের ও কাইয়ুমের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। প্রার্থিতা প্রত্যাহারের পর থেকে সম্মেলন নিয়ে এখন পর্যন্ত নিশ্চুপ থাকা আরিফুল হক চৌধুরী শেষ পর্যন্ত কাউকে সমর্থন দেবেন কি না, এ নিয়েও তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে আলোচনা চলছে।

জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে গঠিত নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, সম্মেলনে সভাপতি পদের দুই প্রার্থী ছাড়াও সাধারণ সম্পাদক পদে চারজন এবং সাংগঠনিক সম্পাদক পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী নেতারা হলেন আলী আহমদ, আ ফ ম কামাল, ইমরান আহমদ চৌধুরী ও মো. আবদুল মান্নান। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী নেতারা হলেন এম মুজিবুর রহমান, লোকমান আহমদ ও মো. শামীম আহমদ। জেলার মোট ১৮টি সাংগঠনিক অঞ্চলের ১ হাজার ৮১৮ কাউন্সিলর ভোট দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।