ছয় বছর বন্ধ থাকার পর চালু হলো পাঠাগারটি
অবকাঠামোগত সমস্যা ও প্রয়োজনীয় বই না থাকায় সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সরকারি একমাত্র গণপাঠাগারটির কার্যক্রম সাড়ে ছয় বছরের বেশি সময় ধরে বন্ধ ছিল। প্রশাসনের উদ্যোগে তা আবার খুলে দেওয়া হয়েছে। গতকাল বুধবার মহান বিজয় দিবসে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
গতকাল দুপুর ১২টায় এর উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান, সহকারী কমিশনার (ভূমি) আবু তালেব প্রমুখ।
উপজেলা প্রশাসন, এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৯৯৩ সালে উপজেলা পরিষদ জামে মসজিদের পুকুরপাড় এলাকায় গণপাঠাগারটি প্রতিষ্ঠিত হয়। ২০০৪ সালের বন্যায় পাঠাগারটির ভেতরে পানি ঢুকে এর বই ও আসবাব ক্ষতিগ্রস্ত হয়। এতে পাঠাগারটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। ২০০৭ সালে উপজেলা প্রশাসন বইপত্র সংগ্রহ ও আসবাব সংস্কার করে পুনরায় এটি চালু করে। কিন্তু ২০০৮ সালে পাঠাগারটি থেকে আট শতাধিক মূল্যবান বই ও বেশ কিছু আসবাব চুরি হয়। ফলে আবার এটি বন্ধ হয়ে যায়।
২০১৩ সালের ডিসেম্বরে পাঠাগারটি চালুর দাবিতে এর চত্বরে ধরমপাশা সাহিত্য পরিষদ নামের একটি সংগঠন আমরণ অনশন শুরু করলে এটি চালু করে উপজেলা প্রশাসন। কিন্তু ২০১৪ সালে ঘূর্ণিঝড়ে ভবনটির টিনের ছাউনির একটি অংশ ভেঙে যায়। এতে ভেতরে থাকা পাঁচ শতাধিক বই বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়। এরপর আবার বন্ধ হয়ে যায় পাঠাগারটির কার্যক্রম। গতকাল তা চালু হয়।
ধরমপাশা নতুনপাড়া এলাকার বাসিন্দা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী গৌতম তালুকদার বলেন, নানাবিধ সমস্যায় এ উপজেলার একমাত্র সরকারি গণপাঠাগারটি সাড়ে ছয় বছর ধরে বন্ধ ছিল। পুনরায় এটি চালু করার খবরটি অত্যন্ত আনন্দায়ক। এ বিষয়ে ইউএনওর অনেক অবদান আছে।
ইউএনও মুনতাসির হাসান বলেন, পাঠাগারটির কার্যক্রম যাতে নিয়মিত অব্যাহত থাকে, সে জন্য স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক, শিক্ষক–শিক্ষার্থীসহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।