ছয় বছরে অগ্রগতি কেবল আরডিএর নকশা অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় বছর আগে রাজশাহী জেলা পরিষদের পুরোনো ভবনটি ভেঙে ফেলা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত নতুন ভবনের দেখা নেই। নতুন ভবনের জন্য শুধু রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নকশা অনুমোদন করা সম্ভব হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য বিষয়টি প্রায় আড়াই বছর ধরে ঝুলে আছে।

২০১০ সাল থেকেকার্যালয়টি নগরের শ্রীরামপুর এলাকার একটি একতলা ভবনে স্থানান্তর করা হয়েছে। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে জেলা পরিষদের কার্যক্রম। বৃষ্টি হলেই ভবনটি ডুবে যায় পানিতে। আর সেই পানির সঙ্গে ঢোকে সাপ, ব্যাঙ। তাতে আতঙ্কিত থাকেন কর্মচারীরা। জেলা পরিষদের কার্যালয় সূত্র জানায়, ১৮৮৫সালে রাজশাহী জেলা পরিষদ গঠন করা হয়। জেলা পরিষদ কার্যালয়ের জন্য পরের বছর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের পাশে একটি দ্বিতল ভবন নির্মাণ করা হয়। ভবনটি সরকারিভাবে পরিত্যক্ত ঘোষণা করার পর ২০১০ সালে ভেঙে ফেলা হয়।

শ্রীরামপুরে অস্থায়ী কার্যালয় ভবনটি একসময় জেলা পরিষদের একজন সহকারী প্রকৌশলীর কার্যালয় ছিল। তখন এটি ছিল রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার অন্তর্ভুক্ত। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান এলজিআরডিমন্ত্রী থাকাকালে চিড়িয়াখানাটি রাজশাহী সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হয়। তবে জেলা পরিষদ এই কার্যালয় রেখে দেয়।

রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে আওয়ামী লীগের নেতা মাহাবুব জামান ১৫ ডিসেম্বর পাঁচ বছর পূর্ণ করেছেন। ২৮ ডিসেম্বর জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যপদে নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন। তাঁর সময়েই নতুন ভবন নির্মাণের জন্য মাটি পরীক্ষা করা হয়েছে। আরডিএ থেকে নকশা অনুমোদন নেওয়া হয়েছে।

জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহাবুব জামান প্রথম আলোকে বলেন, রাজশাহী জেলা পরিষদের ছয়-সাত কোটি টাকা আছে। নতুন ভবনের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি টাকা। তিনি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে প্রথমেই ওই কাজটি করবেন।