জগন্নাথপুরে হাওরের ঝোপ থেকে নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
সুনামগঞ্জের জগন্নাথপুরে অজ্ঞাতনামা এক নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর এলাকার একটি হাওরের বেতের ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই নারীর আনুমানিক বয়স ৩০ বছর। বৃহস্পতিবার সন্ধ্যায় জগন্নাথপুর থানা-পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জগন্নাথপুর থানায় নিয়ে আসে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের পাশে হাওরের বেতের ঝোপের ভেতর এক নারীর লাশ দেখে এলাকার লোকজন জগন্নাথপুর থানা-পুলিশকে খবর দেন। খবর পেয়ে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর ও জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।
জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, আনুমানিক ৩০ বছর বয়সের ওই নারীর শরীরের বিভিন্ন জায়গায় আঁচড়ের চিহ্ন রয়েছে এবং লাশের বাঁ চোখ নেই।
জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, আনুমানিক ৩০ বছর বয়সের ওই নারীর শরীরের বিভিন্ন জায়গায় আঁচড়ের চিহ্ন রয়েছে এবং লাশের বাঁ চোখ নেই। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাতে থানায় আনা হয়েছে।
সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর প্রথম আলোকে জানান, অজ্ঞাতনামা নারীর লাশ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রযুক্তির সহায়তায় লাশের পরিচয় শনাক্ত ও অপরাধী চিহ্নিত করতে গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছেন তাঁরা।