জগন্নাথপুরে আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়নে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়নে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার উপজেলা পরিষদের রাধারমণ দত্ত মিলনায়তনে নবায়ন কার্যক্রম পরিচালনার সময় সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আবদুল মান্নান লাইসেন্সপ্রতি ১ হাজার ৫০০ টাকা করে অতিরিক্ত ফি আদায় করেন। জেলা প্রশাসকের ব্যক্তিগত তহবিলের (অ্যালার্ট ফান্ড) কথা বলে এ টাকা আদায় করা হয়।

লাইসেন্স নবায়নকারীরা জানান, ২০২১ সালের জন্য জগন্নাথপুর উপজেলায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নের উদ্যোগ নিলে সোমবার জেলা প্রশাসক কার্যালয় থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আবদুল মান্নান জগন্নাথপুরে আসেন। নবায়নকারীরা সরকারি ফি ভ্যাটসহ ৭ হাজার ৫০০ টাকা ব্যাংকে জমা দিলেও আরও ১ হাজার ৫০০ টাকা অতিরিক্ত চাওয়া হয়। বাধ্য হয়ে নবায়নকারীরা অতিরিক্ত টাকা দিয়ে আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন করেন।

বারবার রসিদ দিতে দাবি জানালেও কোনো রসিদ না দিয়ে অতিরিক্ত টাকা নেওয়া হয়।
রুমেন মিয়া, আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়নে আসা ব্যক্তি

লাইসেন্স নবায়নকারী ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখা কার্যালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বন্দুকের লাইসেন্স নবায়নে আগে কখনো এভাবে অতিরিক্ত টাকা দেননি তাঁরা। এবার বাধ্য হয়ে অতিরিক্ত ১ হাজার ৫০০ টাকা দিতে হয়েছে।

যুক্তরাজ্যপ্রবাসী মনর উদ্দিনের নামে আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়নে আসা তাঁর নিকট আত্মীয় রুমেন মিয়া বলেন, তাঁরা বারবার রসিদ দিতে দাবি জানালেও কোনো রসিদ না দিয়ে অতিরিক্ত টাকা নেওয়া হয়।

ঘোষগাঁও গ্রামের নজরুল ইসলামের নামে বন্দুকের লাইসেন্স নবায়নে আসা তাঁর চাচাতো ভাই দিল্লুল হক দুলাল বলেন, কোনো ধরনের রসিদ না দিয়েই বাধ্য করে সবার কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা করে অতিরিক্ত টাকা আদায় করা হয়েছে। তাঁরা প্রতিবাদ করলেও কোনো কাজ হয়নি।

ব্যাংকের মাধ্যমে ভ্যাটসহ নির্ধারিত ফির অতিরিক্ত টাকা আদায়ের সুযোগ নেই।
মোহাম্মদ আবদুল আহাদ, জেলা প্রশাসক, সুনামগঞ্জ

এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে সুনামগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আবদুল মান্নান বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলতে বলেন। তিনি বলেন, তাঁরা জেলা প্রশাসকের নির্দেশ বাস্তবায়নে কাজ করেছেন মাত্র।

সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ব্যাংকের মাধ্যমে ভ্যাটসহ নির্ধারিত ফির অতিরিক্ত টাকা আদায়ের সুযোগ নেই। তিনি আপাতত জরুরি মিটিংয়ে আছেন জানিয়ে ফোন কেটে দেন।