জগন্নাথপুরে আটক মেছোবাঘের শাবক বন বিভাগে হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের জগন্নাথপুরের আধুয়া গ্রামে আটককৃত মেছোবাঘের শাবক
ছবি: প্রথম আলো

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের আধুয়া গ্রাম থেকে আটক মেছোবাঘের শাবকটি আজ বুধবার সুনামগঞ্জ বন বিভাগের হস্তান্তর করা হয়েছে। দুই দিন ধরে শাবকটি নিয়ে বেকায়দায় ছিলেন গ্রামের লোকজন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সম্প্রতি আধুয়া গ্রামে একটি মেছোবাঘের শাবকের উৎপাত লক্ষ করা যায়। এটি গ্রামের বিভিন্ন বাড়িতে হানা দিয়ে মাছ, হাঁস, মুরগি ও ছাগল ধরে নিয়ে খেয়ে ফেলতে শুরু করে। অত্যাচারে অতিষ্ঠ হয়ে গ্রামবাসী মেছোবাঘের শাবকটি আটকের চেষ্টা চালান। গ্রামের যুবক জালাল আহমেদ তাঁর বাড়িতে একটি লোহার কাচা তৈরি করে ফাঁদ পেতে রাখেন। গত সোমবার সকালে ওই ফাঁদে আটকে পড়ে শাবকটি।

খবর পেয়ে গ্রামের উৎসুক লোকজন এটি দেখতে তাঁর বাড়িতে ভিড় করেন। পরে গ্রামবাসী বিষয়টি জগন্নাথপুর উপজেলা প্রশাসনকে জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনামগঞ্জ বন বিভাগে যোগাযোগ করেন। বন বিভাগের লোকজন মেছোবাঘের শাবকটি নিতে বিলম্ব করায় এটি নিয়ে গ্রামের লোকজন বেকায়দায় পড়েন।

আধুয়া গ্রামের বাসিন্দা জালাল আহমেদ বলেন, ‘মেছোবাঘের শাবকটি গত এক সপ্তাহে গ্রামের ১০ থেকে ১২টি পরিবারের হাঁস, মুরগি ও ছাগল খেয়ে ফেলে। তাই ফাঁদ পেতে এটি আটক করি। অনেকেই এটি মেরে ফেলতে চাইলেও আমরা না মেয়ে ইউএনওকে অবহিত করি। কিন্তু বন বিভাগের লোকজন এটি নিতে সময়ক্ষেপণ করায় আমরা শাবকটি নিয়ে বেকায়দায় ছিলাম। আজ বিকেলে এসে তাঁরা এটি নিয়ে গেছেন।’

এ বিষয়ে ইউএনও সাজেদুল ইসলাম বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে সুনামগঞ্জ বন বিভাগে যোগাযোগ করা হলে বিভাগের লোকজন বুধবার এসে মেছোবাঘের শাবকটি তাঁদের জিম্মায় নিয়ে যান। তিনি আরও বলেন, বন বিভাগের জগন্নাথপুর উপজেলার দায়িত্বে থাকা কর্মকর্তা ছুটিতে থাকায় শাবকটি হস্তান্তরে কিছুটা বিলম্ব হয়েছে।